নারী খুন, জা আটক
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাশুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলার মধ্যম সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম খালেদা জাহান (৪০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর জা বিবি ফাতেমাকে পুলিশ আটক করেছে।
জোরারগঞ্জ থানার এসআই মো. আলমগীর বলেন, রোববার সন্ধ্যায় মধ্যম সোনাপাহাড় গ্রামের মহিউদ্দিনের সঙ্গে ছোট ভাই প্রবাসী মো. শাহজাহান ওরফে ভুট্টুর স্ত্রী খালেদা জাহানের পারিবারিক বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মহিউদ্দিন লাঠি দিয়ে খালেদাকে আঘাত করেন। লাঠির আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর খালেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে খালেদার মৃত্যু হয়। তিনি বলেন, মহিউদ্দিনকে আটকের চেষ্টা চলছে।
নিহত খালেদার ভাই সাইফুল ইসলাম জানান, রোববার খালেদার স্বামী মো. শাহজাহান বিদেশ থেকে দেশে ফেরেন। এর আগে বিবি ফাতেমা কথা-কাটাকাটির সময় খালেদাকে মারধর করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত খালেদার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, মাথায় আঘাত ও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।