নারী খেলোয়াড় নারী রেফারি


ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়েরা নারী। খেলার উদ্বোধন করেন নারী। খেলা পরিচালনা করলেন নারী। এমনকি গ্যালারিও ঠাসা নারী দর্শকে। এ চিত্র গতকাল মঙ্গলবার যশোরের কেশবপুর পাবলিক ময়দানের।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা পরিত্রাণের সহযোগিতায় এ প্রমীলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৯টি দল এবং কেশবপুর পৌরসভার ১টি দলসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।
প্রথম দিনের খেলায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন মহিলা ফুটবল একাদশ বনাম সাগরদাঁড়ি ইউনিয়ন মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। এটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা রেফারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেহেনা খাতুন। এদিন সাগরদাঁড়ি ইউনিয়ন মহিলা ফুটবল একাদশ চার গোলে জয়লাভ করে। গ্যালারিতে চার শতাধিক নারী খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের অন্যতম আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, প্রতিদিন খেলায় জাতীয় মহিলা দলের খেলোয়াড়েরা উপস্থিত থাকবেন। প্রতিটি দল থেকে তিনজন সেরা খেলোয়াড় বাছাই করে জাতীয় কোচদের দিয়ে কোচিং করানো হবে।
বেলা সাড়ে তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লায়লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সভাপতি তানজিলা পিয়াস।