নারী ঘুষ দেন, কখনো কখনো নেন: টিআইবি
একজন নারীকে নারী নির্যাতন মামলা থানায় দায়ের করা থেকে শুরু করে শুনানি হওয়া পর্যন্ত ৩০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। বাংলাদেশের গাজীপুর ও জামালপুরের দুটি ইউনিয়নের নারীদের ওপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণার তথ্য এটি। আজ বৃহস্পতিবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে ‘নারীর অভিজ্ঞতায় দুর্নীতি: বাংলাদেশের দুইটি ইউনিয়নের চিত্র’ শিরোনামে গবেষণাটি উপস্থাপন করা হয়।
ওই গবেষণায় বলা হয়েছে, একজন নারীকে নারী নির্যাতনের মামলা পরিচালনার জন্য থানায় মামলা করতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা, বাড়িতে এসে মামলার অনুসন্ধানের জন্য চা-নাশতা বাবদ ৩০০-৬০০ টাকা, মামলা আদালতে ওঠানোর জন্য পাঁচ হাজার টাকা, আসামি ধরতে যাওয়ার জন্য পুলিশের গাড়ির তেলের খরচ ও যাতায়াত বাবদ ২০ থেকে ৪০ হাজার টাকা এবং শুনানির জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত টাকা দিতে হয়।
এক প্রশ্নের জবাবে টিআইবি বলেছে, শুনানির জন্য যে টাকা দিতে হচ্ছে তা আসলে কার কাছ থেকে কার কাছে যায়, সে সম্পর্কে গবেষণার আওতাভুক্ত নারীদের পরিষ্কার ধারণা নেই।
ওই গবেষণায় আরও বলা হয়েছে, নারী শুধু সেবা পেতে ঘুষ দেন না, নারী ঘুষ নেনও।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, নারী তাঁর অসহায়ত্বের জন্য দুর্নীতির শিকার হন। নারী যখন ভিন্ন ধর্মাবলম্বী হন, তখন তাঁকে দ্বিমাত্রিক-ত্রিমাত্রিক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কোনো সময় দুর্নীতি করার ক্ষেত্রে নারীকে মাধ্যম হিসেবে ব্যবহার করা সহজ। নারী বলেই তিনি দুর্নীতি করবেন না, এমনটিও ঠিক নয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা বারবার বলছি সেবা পেতে নিয়মবহির্ভূত অর্থের লেনদেন মানুষের সাধারণ জীবনযাপনের অংশ হয়ে যাচ্ছে। কারণ, মানুষ দেখছে, যাঁরা দুর্নীতি করছেন তাঁদের শাস্তি হচ্ছে না, হলেও সেটি প্রতীকী। নারী সেবা পেতে দুর্নীতির শিকার হচ্ছেন, নারী দুর্নীতির মাধ্যম হচ্ছেন, কখনো কখনো নিজেও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। ’
‘নারীর অভিজ্ঞতায় দুর্নীতি: বাংলাদেশের দুইটি ইউনিয়নের চিত্র’ গবেষণার আওতায় জানুয়ারি ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। দুর্নীতির শিকার হয়েছেন এমন ৬৬ নারী তাঁদের অভিজ্ঞতার কথা বলেছেন। তাঁরা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও, বিচারিক সেবা, ভূমি, ব্যাংক ইত্যাদি খাতভিত্তিক প্রতিষ্ঠান থেকে সেবা পেতে দুর্নীতির শিকার হয়েছেন। শুধু তা-ই নয়; প্রজনন স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি-ভিজিএফ কার্ড পেতে, মাটি কাটার কাজ পেতে, নারী নির্যাতন মামলা দায়ের করতে ও উপবৃত্তি পেতে নারীদের ঘুষ দিতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়েও যেমন ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য হিসেবে উন্নয়ন বরাদ্দ পেতে গিয়ে দুর্নীতির শিকার হতে হয়।
দুর্নীতির শিকার হয়েছেন এমন এক নারীকে উদ্ধৃত করা হয়েছে গবেষণা প্রতিবেদনে। ওই নারী বলছেন, ‘মেম্বারনী আমারে কয়, কার্ড আছে, করবেন? চারটা কার্ড পাইছি, এহন একটাই আছে। নিলে নেন, না নিলে আরেকজনরে বেশি টাকায় দিয়া দিমু। আমি করমু কইয়া কয় টাকা লাগব জিগাই। মেম্বারনী কয় ২৭০০ টাকা দিতে হইব। ১০ হাজারের মতো পামু, তিন হাজার দিয়াও যদি সাত হাজার পাই, তাইত লাভ। কিন্তু বলে নাই যে সরকার ফ্রি দিতেছে। ’
গবেষণায় বলা হয়েছে, নারী মনে করে প্রাতিষ্ঠানিক সেবার ক্ষেত্রে সেবাদাতা যদি চায়, তাহলে তা ঘুষ, নিজে থেকে দিলে তা ঘুষ নয়। পারিবারিক ক্ষেত্রে বাবা-স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির দখল না পাওয়া, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বাজারদরের চেয়ে কম দামে ভাইদের কাছে বিক্রি করতে বাধ্য হওয়া, ব্যক্তিগত পর্যায়ে ঋণের টাকা, স্বামীর টাকা আত্মসাৎ করা, যৌন হয়রানি বা নিপীড়নের বিনিময়ে আর্থিক সুবিধা পাওয়াকে নারী দুর্নীতি বলে গণ্য করে বলে জানিয়েছেন।
গবেষণাতেই উঠে এসেছে, নারী যখন সেবাদাতা, তখন কোনো কোনো ক্ষেত্রে নারী দুর্নীতি করছেন। স্বাস্থ্য খাতে আত্মসাৎ, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা, সেবাপ্রার্থীর সঙ্গে খারাপ ব্যবহার, লক্ষ্য পূরণের জন্য সুস্থ মানুষকে রোগী হিসেবে দেখানো, না জানিয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করানোর মতো কাজে ওই দুই ইউনিয়নের কোনো কোনো নারী যুক্ত। এর বাইরে শিক্ষা খাতে দায়িত্বে অবহেলা, উপবৃত্তি বিতরণে নিয়মবহির্ভূত টাকা আদায়, কোচিং করতে বাধ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে টাকা আদায় ও জালিয়াতিতে সহায়তা, ভূমি ও কৃষি ব্যাংকের সেবা দেওয়ায় অর্থ আদায়ের মতো কাজেও কোনো কোনো নারী যুক্ত বলে গবেষণায় উঠে এসেছে।