নারী চলাচলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড নামাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় শর্ষিনা পীরের খানকা শরিফের ভেতরে নির্মাণাধীন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সড়কে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আশ্রয়কেন্দ্রটির সামনে সাইনবোর্ডে লেখা ছিল, ‘এই সড়ক দিয়ে মহিলাদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ’। তবে পুলিশ গিয়ে গত শুক্রবার রাতে সাইনবোর্ডটি নামিয়ে ফেলেছে।
আমড়াগাছিয়া এলাকার বেশ কয়েক ব্যক্তি বলেন, ২০০১ সালে আমড়াগাছিয়া এলাকায় শর্ষিনা পীরের নামে স্থানীয় এক ব্যক্তি সামান্য কিছু জমি দান করে খানকা স্থাপন করেন। গত কয়েক বছরে আশপাশের প্রায় ২০ একর জমি কিনে খানকার আয়তন বাড়ানো হয়েছে। ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে খানকার ভেতরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে একটি দোতলা ডাকবাংলো নির্মাণ করা হয়। ২০১৪ সালে এলজিইডি ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে দোতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করে। নির্মাণকাজ শেষ হওয়ার পথে। ইতিমধ্যে কেন্দ্রটিতে যাতায়াতের জন্য ভবনের দক্ষিণ পাশ দিয়ে ১ দশমিক ৭৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটি পশ্চিমে ১৯ নম্বর আমড়াগাছিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে খানকার মূল ফটক দিয়ে বরগুনা-পটুয়াখালী মহাসড়কে মিলেছে।
ভুক্তভোগী কয়েকজন নারী প্রথম আলোকে বলেন, প্রায় দুই মাস আগে ওই সাইনবোর্ড টাঙানো হয়। এরপর থেকে খানকার প্রধান ফটক দিয়ে কোনো নারীকে সড়কে ঢুকতে দেখলেই খানকার লোকজন প্রথমে লাঠি নিয়ে বাধা দিতেন। এরপর শুরু হতো অশ্রাব্য ভাষায় গালাগালি। প্রতিবাদ করলে নারীদের নানাভাবে হেনস্তা করা হতো। এ ছিল নারীদের জন্য চরম অপমানের। সাইনবোর্ডটি নামানোর খবরে তাঁরা খুশি।
খানকা পরিচালনার দায়িত্বে থাকা মো. আবদুল মন্নান মৃধা বলেন, পীরের নির্দেশে খানকা শরিফের সড়ক দিয়ে নারীদের চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম গত শুক্রবার বিকেলে বলেন, ‘আশ্রয়কেন্দ্র নির্মাণ করার আগে আমাদের সঙ্গে খানকা কর্তৃপক্ষের চুক্তি হয়, এই সড়ক ও আশ্রয়কেন্দ্র জাতি-ধর্মনির্বিশেষে নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, সব জায়গায় সব নাগরিকের চলাচলের সমান অধিকার রয়েছে। খানকা শরিফের বিষয়টি অবগত হওয়ার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় তিনি খানকা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তারা সম্মত হলে সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়।