নারী চিকিৎসককে লাঠিপেটার প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নারী চিকিৎসককে এক যুবক লাঠিপেটা করায় স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে এ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনও করেন স্বাস্থ্যকর্মীরা। চাহিদামতো ওষুধ না পাওয়ায় গত বুধবার ওই যুবক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আঞ্জুয়ারা খাতুনকে লাঠিপেটা করেন।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার ইটালি গ্রামের মুনছুর আলীর ছেলে ইউসুফ আলী (২৩) বুধবার দুপুরে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আঞ্জুয়ারাকে বেদম লাঠিপেটা করেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রের নথিপত্রেও আগুন ধরানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারী চিকিৎসককে ও নথিপত্র রক্ষা করেন। পরে ওই নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। রাতেই সিংড়া থানায় লিখিতভাবে এ ঘটনায় অভিযোগ করা হলেও পুলিশ যুবকটিকে আটক না করায় বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন। এ ছাড়া বিকেলে থানা ও ইউএনওর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তাঁরা। পরে হামলাকারী ওই যুবককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
চিকিৎসক আঞ্জুয়ারা খাতুন বলেন, হামলাকারী ওই যুবক চিকিৎসা নিতে এসেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে দরকারি ওষুধও দেওয়া হয় তাঁকে। কিন্তু যুবকটি আরও ওষুধ দাবি করেন। না দেওয়ায় তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে চাহিদামতো ওষুধ দিতে হুকুম করেন। রাজি না হওয়ায় যুবকটি হামলা করেন। কেন্দ্রের আয়া হাছিনা খাতুন এগিয়ে এলে যুবকটি তাঁকেও মারপিট করেন।
চিকিৎসকের স্বামী আবদুল হান্নান বলেন, তিনি ব্যক্তিগতভাবে এলাকার বাসিন্দা হিসেবে ছেলেটিকে চেনেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র। ছেলেটি ছাত্রলীগের কর্মী।
তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বলেন, হামলাকারী যুবক সিংড়া ছাত্রলীগের কেউ না।
ইউএনও সালমা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।