নারী চিকিৎসকদের গাড়ি দেব: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর উপজেলা পর্যায়ে চাকরি করলে পরে চিকিৎসকদের ভালো জায়গায় পদায়ন করা হবে। গতকাল সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে গত রোববার স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘আপনি শক্ত কথা বলেন। কিন্তু চিকিৎসকেরা তো গ্রামে থাকেন না।’
ফরাজীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাসিম এ বিবৃতি দেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে চিকিৎসকদের ব্যবহারের জন্য যানবাহন দেবে। আমরা ঠিক করেছি চিকিৎসকদের, বিশেষ করে নারী চিকিৎসকদের গাড়ি দেব।’
চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে শনি ও রোববার চিকিৎসকেরা কাজ করেন না। আমাদের এখানে করেন। তাঁদের চাপের মধ্যে কাজ করতে হয়। প্রতিদিন এক-দু শ রোগী দেখতে হয়।’ তিনি বলেন, চিকিৎসকদের গ্রামে থাকতে হবে। তদবিরে বদলি হবে না। অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। গত পাঁচ মাসে ৮১ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ১১ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৪ জনকে তিরস্কার করা হয়েছে, একজনের বদলি স্থগিত করা হয়েছে। তিনি জানান, এক-দেড় মাসে মধ্যে উপজেলাগুলোতে বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য খাতের অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, কোথায় অনিয়ম হয় না, যেখানে সমস্যা, সেখানেই অনিয়ম হয়।