নারী চিকিৎসকের লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তানজিলা জাহান ওরফে মিথিলা (২৭) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বার্ন ইউনিটের পেছনের পাঁচতলা একটি ভবনের নিচতলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তানজিলা কুমিল্লার কান্দিরপাড়ের বাসিন্দা ফিরোজ আহমেদের মেয়ে।
তানজিলার মামা খন্দকার আমিনুল হক বলেন, তানজিলা এক বছর আগে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। গত মে মাসে চিকিৎসক মিজানুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। মিজানুর ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। তাঁরা দুজন মিজানুরের নামে বরাদ্দ কোয়ার্টারে থাকতেন। রাতে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তানজিলার লাশ উদ্ধার করে। তাঁর ভাগনি এভাবে ‘আত্মহত্যা’ করতে পারেন না। টেবিলে একটি চিরকুটও পাওয়া গেছে। চিরকুটটি পুলিশের কাছে আছে।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাহবুব বলেন, চিকিৎসকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।