নারী চেয়ারম্যান প্রার্থী কোনো দলেই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে পাঁচটি উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো নারীকে মনোনয়ন দেয়নি কোনো রাজনৈতিক দল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬টি ও রানীশংকৈলের ৮টির মধ্যে ৫টি ইউপিতে ৪৬ জন, তৃতীয় ধাপে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে ৫৮ জন, চতুর্থ ধাপে সদর উপজেলার ১২টি ও বালিয়াডাঙ্গীর ৮টি ইউপিতে ৬৪ এবং পঞ্চম ধাপে সদর উপজেলার ৯টি ইউপিতে ৪২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। ৫০টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৫০ জনকে, বিএনপি ৪টি ইউপি জামায়াতকে ছেড়ে দিয়ে ৪৬ জনকে ও জাতীয় পার্টি ১৬ জনকে দলীয়ভাবে প্রার্থী করে। এ ছাড়া কমিউনিস্ট পার্টি ও ওয়ার্কার্স পার্টিও চেয়ারম্যান পদে প্রার্থী দেয়। কিন্তু দলীয়ভাবে চেয়ারম্যান পদে কোনো নারীকে প্রার্থী করা হয়নি। আর স্থগিত তিনটি ইউপির দলীয় চেয়ারম্যানের তালিকায়ও কোনো নারীর নাম পাওয়া যায়নি।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব বলেন, রাজনীতিতে নারী অলংকারস্বরূপ। রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা থাকেন মিছিলের অগ্রভাগে, ভোটের প্রচারেও তাঁদের কদর রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ছে, কিন্তু দলের প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণে তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে না।
ঠাকুরগাঁও পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাহমিনা আখতার মোল্লা। তিনি বলেন, ইউপি নির্বাচনে কোনো নারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, এটা খুব দুঃখজনক।
জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে পুরুষ প্রার্থীরাই সরকারদলীয় প্রার্থীর ভয়ভীতি ও হুমকি-ধমকিতে কুলিয়ে উঠতে পারছেন না। সেখানে নারীরা টিকবেন কী করে? জেলা আওয়ামী লীগের সম্পাদক মুহা. সাদেক কুরাইশী বলেন, ইউপি নির্বাচনে কোনো নারী মনোনয়নের জন্য আবেদন করেননি। আবেদন না করলে কাকে মনোনয়ন দেবে দল।