নারী ছিনতাইকারী চক্র সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের তৎপরতা ব্যাপক হারে বেড়েছে। গত সপ্তাহের তিন দিনে সাতটি এলাকায় ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার পুলিশ ছিনতাই করা সোনার চেইনসহ তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, আশোকাঠি বাসস্ট্যান্ড, বাটাজোর বন্দর, টরকী বন্দর, গৌরনদী কলেজ গেট, গৌরনদী হাইস্কুল গেট এলাকায় গত ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই চক্রের সদস্যরা গৃহবধূ, ছাত্রীসহ নারী পথচারীদের গলার চেইন এবং স্বর্ণালংকার ছিনতাই করে। চক্রের চার-পাঁচজন সদস্য দলবদ্ধভাবে ছিনতাইয়ে অংশ নেয়। ছিনতাই করা গহনা তারা সঙ্গে সঙ্গে কৌশলে সহকর্মীর মাধ্যমে সরিয়ে ফেলে। ফলে এরা ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, নারী ছিনতাইকারী চক্রের তৎপরতার বিষয়টি হঠাৎ করে বহুল আলোচিত হয়ে ওঠে। কোনোভাবেই এদের হাতেনাতে ধরা যাচ্ছিল না। পরে গৌরনদী থানার নারী পুলিশের একাধিক দল এদের ধরার জন্য সাদা পোশাকে মাঠে নামে। গত বৃহস্পতিবার টরকী বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকালে ধরা পড়ে জাহানারা বেগম, মোর্শেদা বেগম ও ঝরনা বেগম। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা গৌরনদী ও এর আশপাশের এলাকায় চারটি দলে ভাগ হয়ে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার গৃহবধূ তিপ্তি রানী মণ্ডলের ভাই গৌতম বাছার গৌরনদী থানায় মামলা করেছেন।