সন্দেহভাজন চার নারী জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার মামলাটির নথিপত্র মিরপুর থানা থেকে র্যাব-৪-এর কাছে হস্তান্তর করা হয়। র্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবীর মামলার তদন্তভার পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মিরপুর থানার পরিদর্শক (অভিযান) মোহাম্মদ শাহজালাল আলম। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, র্যাব-৪ মামলা তদন্ত করতে আগ্রহ প্রকাশ করায় মামলার নথিপত্র ও আসামিদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে চার সন্দেহভাজন নারী জঙ্গি মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আকলিমা রহমান (মনি), ইশরাত জাহান (মৌসুমি), খাদিজা পারভিন (মেঘলা) ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক ইসতিসনা আক্তারকে (ঐশী) রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল তাঁদের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত বুধবার আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাবের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে চার নারী জঙ্গি বলেছেন যে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বাসায় একজন পাকিস্তানি নারী ইসলামি ক্লাস চালাতেন। গ্রেপ্তার থাকা এই চারজনও সেখানে যেতেন। এঁদের মধ্যে আকলিমা দলনেতা।
র্যাব বলছে, এই চারজন ‘নতুন ধারার জেএমবির’ সদস্য। এ সংগঠনটির দক্ষিণাঞ্চলের আমির মো. মাহমুদুল হাসানকে ২১ জুলাই গ্রেপ্তারের পর র্যাব আকলিমার ব্যাপারে তথ্য পায়। গত সোমবার র্যাব-৪-এর সদস্যরা গাজীপুর, মিরপুর ও মগবাজার থেকে আকলিমাসহ চার নারীকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোন, পেনড্রাইভ, কার্ড রিডার ও ৯০টি ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে র্যাব। মামলায় তাঁদের সঙ্গে যুক্ত আরও ১০ নারীকে আসামি করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়ার জন্য গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।