নারী জনপ্রতিনিধিরা বঞ্চনার শিকার?
২০১১ সালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সব জনপ্রতিনিধির চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর বাহারজান বিবি। নির্বাচিত হওয়ার তিন বছরে কোনো উন্নয়নমূলক কাজে তাঁকে সম্পৃক্ত করা হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।
শুধু বাহারজান বিবি নন, পৌরসভার অপর দুই নারী কাউন্সিলরসহ উপজেলার অধিকাংশ নারী জনপ্রতিনিধি (সংরক্ষিত নারী সদস্য) সরকারি উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জগন্নাথপুর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন রয়েছে৷ নারী জনপ্রতিনিধিদের অভিযোগ, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা পুরুষ জনপ্রতিনিধিদের নিয়ে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন৷ আইনি বাধ্যবাধকতার কারণে মাঝেমধ্যে নামমাত্র কিছু প্রকল্পে নারী জনপ্রতিনিধিদের রাখা হলেও বাস্তবে কাজ করেন চেয়ারম্যান ও পুরুষ জনপ্রতিনিধিরা। এসব অনিয়মের অভিযোগ করলে তাঁদের নানাভাবে হয়রানি করা হয়।
উপজেলার পাইলগাঁও ইউপির নারী সদস্য ছনরা বেগম বলেন, ‘নির্বাচিত হওয়ার প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে৷ এখন পর্যন্ত পরিষদের কোনো উন্নয়নকাজে সম্পৃক্ত থাকতে পারিনি। কারণ, চেয়ারম্যান নিজে ও তাঁর পছন্দের সদস্যদের দিয়ে সব উন্নয়ন কাজ করে নেন।’
রানীগঞ্জ ইউপির নারী সদস্য রুপতেরা বেগম বলেন, ‘চেয়ারম্যান আমার নামে একটি প্রকল্পের কাজ দিয়ে আমাকে কিছু না বলে সব কাজ তিনি নিজে করেছেন। এসব ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যান আমার সাথে উল্টো দুর্ব্যবহার করেন।’
মীরপুর ইউপির নারী সদস্য আফিয়া বেগম বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (টিআর), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ (কাবিখা) বিভিন্ন প্রকল্পে আমাদেরকে বঞ্চিত করা হয়।’
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘নারী কাউন্সিলরদের অভিযোগ সঠিক নয়। আমি সমবণ্টনের মাধ্যমে উন্নয়ন কাজ করে থাকি।’
রানীগঞ্জ ইউপির চেয়ারম্যান মজলুল হক বলেন, ‘আমি পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়েই কাজ বণ্টন করি। ওই নারী সদস্য প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেননি। অনেক সময় তাদেরকে কাজ দিয়ে বিপাকে পড়তে হয়।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নারী জনপ্রতিনিধিদের অভিযোগ তদন্ত করে দেখা হবে।