নারী দিবস উদ্যাপন উপলক্ষে গাজীপুরে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল রোববার গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের নেতৃত্বে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গতাজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হাদী শামীম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় মহিলা সংস্থার গাজীপুর শাখার চেয়ারম্যান দিলরুবা ফায়জিয়া, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি অপশক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। এভাবে মানুষ হত্যা করে কোনো দিন অধিকার আদায় করা যায় না, ক্ষমতায় যাওয়া যায় না।
অনুষ্ঠানে জেলার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করা হয় কর্মসূচি।