নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গতকাল শুক্রবার মানববন্ধন করা হয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচির আয়োজন করে। এতে বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারাও অংশ নেন। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বর ও উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়েছে। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ ও উল্লাপাড়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জের মানববন্ধন চলাকালীন জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস, উল্লাপাড়ায় সহকারী কমিশনার আকরাম আলী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।
দিনাজপুর: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। এ সময় তারিকুন বেগম, আসমাউল হুসনা, সুরাইয়া আক্তার, কোহিনুর বেগম, মহসিন আলী, নেজাবত হোসেন, মোর্শেদা পারভীন, শাহিনুর, নুর ছাবা, নুরন নাহার, নিলিমা মণ্ডল, এস্টিনা দাস, হাসিনা আকতার প্রমুখ বক্তৃতা করেন।
শেরপুর (বগুড়া): উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ব্র্যাক, মৈত্রী পল্লী উন্নয়ন, এসো কাজ করি, আলোর দিশারী, বন্ধন সোসাইটি ও নারী উন্নয়ন ফোরামের প্রতিনিধিরা অংশ নেন।
ঠাকুরগাঁও: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিপ্তরের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় মানববন্ধন করা হয়। এ সময় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, জননী সেবা সংস্থার পরিচালক নুরবানু প্রমুখ বক্তৃতা করেন।
নীলফামারী: মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলার ছয়টি উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। এ সময় বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং যৌতুক প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম, জাতীয় মহিলা সংস্থা নীলফামারীর চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দৌলত জাহান প্রমুখ বক্তৃতা করেন।