নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে গতকাল মানববন্ধন হয়। স্থানীয় উপজেলা পরিষদের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে গতকাল মানববন্ধন হয়। স্থানীয় উপজেলা পরিষদের সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্-কর্মসূচি হিসেবে গতকাল রোববার দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাটের পাটগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এবারের নারী দিবসের স্লোগান, ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা পরিষদ, পল্লিশ্রী, আরডিআরএস, মহিলা বহুমুখী শিক্ষাকেন্দ্র, অ্যাসিড সারভাইভাল গ্রুপের জেলা শাখা, এইড-কুমিল্লা জাস্টিস ফর অলসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রোখসানা বানু হাবীব, মহিলা পরিষদের জেলা সভাপতি কানিজ রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ও সামাজিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু তা কাঙ্ক্ষিত মাত্রার অনেক নিচে। দেশে নারী নির্যাতন কমেনি।
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থার নারী কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, জননী সেবা সংস্থার পরিচালক নুরবানু প্রমুখ।
নীলফামারীতে শহরের চৌরঙ্গী মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরন্নাহার শাহাজাদী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি এস এম সফিকুল আলম প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন নারী সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এ ছাড়া জেলার ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জে একই কর্মসূচি পালিত হয়েছে।
পঞ্চগড়ে শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান (এডাব), আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলিম খান ওয়ারেশী, এএসপি (হেডকোয়ার্টার) আমিনুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আকতারুল নাহার, এডাবের সভাপতি আলাউদ্দিন প্রধান, আরডিআরএস বাংলাদেশের জেলা সমন্বয়কারী হাসিনা পারভীন বক্তব্য দেন। মানববন্ধনে সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতামাশ হোসাইন তাঁর ইউনিয়নকে নারী নির্যাতনমুক্ত ঘোষণা করেন।
পাটগ্রাম উপজেলা পরিষদের সামনেও মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীসহ স্থানীয় কলেজ ও বিদ্যালয়ের ছাত্রী ও নারী উন্নয়ন সমিতির সদস্যরা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর অফিস ও ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, পাটগ্রাম প্রতিনিধি)