নারী দিবস উপলক্ষে মানববন্ধন
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়। একই দিন এ উপলক্ষে ফরিদপুরেও মানববন্ধন হয়।
বাগেরহাট জেলা সদরের বিভিন্ন নারী সংগঠন ও বেসরকারি সংস্থা যৌথভাবে এ কর্মসূচি পালন করছে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার বিকেলে শহীদ মিনার চত্বরে নারী ও কন্যাশিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা, সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন এবং রোববার ৮ মার্চ সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে গোলটেবিল বৈঠক।
ফরিদপুরে গতকাল সকালে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ স্লোগান নিয়ে মানববন্ধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব সড়কে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলজিইডি ও ব্র্যাকসহ বিভিন্ন দপ্তর ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।