নারী দিবস পালনে খুলনায় চার দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ স্লোগান সামনে রেখে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চার দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, নারীদের ফুটবল প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান।
ওই কর্মসূচি সামনে রেখে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কমিটির সদস্যসচিব ও খুলনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়।
নড়াইলের আদালত সড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তৃতা করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আনিচুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন প্রমুখ।
গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন প্রমুখ। বক্তারা নারী নির্যাতন বন্ধে সবার সহযোগিতা এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার, জেলা পরিষদ সদস্য ঝর্ণা হাসান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার প্রমুখ।
ঝালকাঠিতে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জাগো ফাউন্ডেশনের নাদিরা ববি ফারজানা, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মো. জাকির হোসেন, নাগরিক উদ্যোগের সমন্বয়কারী রেজাউল কবির প্রমুখ।
বাগেরহাটে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নারীনেত্রী শিল্পী সমাদ্দার, লাকি আক্তার, লুনা সিদ্দিকী, আম্বিয়া খাতুন প্রমুখ।