নারী দিবসে টিআইবির দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণ জয়ী মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শীলা এবং এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলের সদস্য কলসিন্দুরের মেয়েদের সম্মাননা দিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। 

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
‘ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক-দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর স্বাগত বক্তব্য দেন টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম। তিনি বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলন ও নারী আন্দোলন এক সূত্রে গাঁথা। আর নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে দুর্নীতি অন্যতম বাধা। সে দৃষ্টিকোণ থেকে সবার মধ্যে সচেতনতা তৈরির জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে টিআইবি।
অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদকজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার ও সাঁতারু মাহফুজা খাতুনকে সম্মাননা স্মারক তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
মাহফুজা খাতুন দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, ‘শুধু ক্রীড়াঙ্গন নয়, সকল ক্ষেত্রেই নারীদের এগিয়ে আসতে হবে। নারী-পুরুষ একই সঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।’ মাবিয়া আক্তার তাঁর প্রতিক্রিয়ায় সবার দোয়া চান, যাতে সামনেও দেশকে আরও সাফল্য এনে দিতে পারেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে টিআইবির ইয়েস সদস্যদের পরিবেশনার পাশাপাশি অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, মানবাধিকার নাট্য পরিষদ ও অপরাজেয় বাংলাদেশ নাটক, গান, কবিতাসহ নানা পরিবেশনায় অংশ নেন। এ ছাড়াও ছিল পল্লবী ড্যান্স একাডেমির নৃত্য পরিবেশনা।
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও অনিমা মুক্তি গোমেজের গান বিপুলসংখ্যক দর্শককে মাতিয়ে রাখে দীর্ঘ সময়।