নারী দিবসে বাল্যবিবাহ!
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল সোমবার যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছিল, তখন কিশোরগঞ্জের এক নিভৃত পল্লিতে চলছিল বাল্যবিবাহের আয়োজন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বিয়ে সম্পন্ন হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী শান্তা আক্তারের।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার চিনিয়ারচর গ্রামের নূরুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (১১)। সে স্থানীয় গাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। পাশের কুলিয়ারচর উপজেলার আলালপুর গ্রামের আবুল মিয়ার ছেলে প্রবাসী নাসিম মিয়ার (২৮) সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল গতকাল। বর আত্মীয়স্বজন নিয়ে চলে আসেন কনের বাড়িতে।সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পারে স্থানীয় প্রশাসন। বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, বিয়ে সম্পাদন হয়ে গেছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে কনেকে রেখেই বরসহ সটকে পড়ে বিয়েতে আসা লোকজন। এ বিয়েকে কেন্দ্র করে এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মো. মাহবুবসহ একাধিক ব্যক্তি জানান, পঞ্চম শ্রেণীর ছাত্রীর বিয়ের ঘটনাটি তাঁদের ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় তাঁরা আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি শান্তা আক্তারের বাবা নূরুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আবদুল কুদ্দুস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দেবে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।বিয়ে সম্পাদনকারী কাজি মো. আবদুল কাইয়ুম বলেন, ‘আমি অসুস্থ। আমার এক সহকারী এ বিয়ে পড়িয়েছেন। খোঁজ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাব।’বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল্লা-হিল হাক্কানী জানান, বর ও কনের মা-বাবাকে আসামি করে মামলা করা হবে।