নারী দিবসে সফল ৪ নারীর কথা তুলে ধরেছে ‘নগদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারীদের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চারজন সফল নারীর গল্প একটি ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। তাঁরা হলেন বি স্টাইলিশ বাই মৌয়ের প্রতিষ্ঠাতা মারুফা ইসলাম মৌ, প্রিয়তমা লেডিস কর্নারের প্রতিষ্ঠাতা নাদিয়া আক্তার, তামান্না ফার্মেসি লিমিটেডের পরিচালক তুহীন আক্তার শিউলি ও ফেন্ডস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা অর্চনা রানী। এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে ওই নারীদের এগিয়ে যাওয়া ও প্রতিবন্ধকতার কথা।

‘আমার কাছে এমন কিছু মনে হয় না, আমি ছেলে হলে আরও বেশি এগিয়ে থাকতাম। আরও বেশি কিছু করতে পারতাম। মেয়ে বলে আমি পিছিয়ে আছি।’ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বর্তমান অবস্থানের কথা জানান বি স্টাইলিশ বাই মৌয়ের প্রতিষ্ঠাতা মারুফা ইসলাম মৌ। শুরুর গল্প বলতে গিয়ে মারুফা ইসলাম মৌ বলেন, ‘আমার যাত্রাটা শুরু হয়েছিল ২০১২ সালে। ওই সময় একটা বুটিক হাউস দেব, এ রকম সাহস ছিল না আমার। কীভাবে কী করব, এ নিয়ে নানান চিন্তা ছিল আমার মনে। আমার স্বামী তখন দেশের বাইরে ছিল। দেশে আসার পর আমাকে এক হাজার ডলার দেয়। ওই এক হাজার ডলার দিয়ে শুরু করে এখন আমার চারটি আউটলেট। তখন অনেকেই আমাকে বলেছে, তুমি কীভাবে পোশাক বিক্রি করবে? তুমি বুটিক চালু করবে! এমন অনেক কিছু আমি চারপাশ থেকে শুনেছি। কিন্তু আমি সবকিছু পেছনে ফেলে আজ সফল। যখন আপনি স্বাবলম্বী হবেন, তখন আপনার ভেতর অন্য রকম একটা ভালো লাগা কাজ করবে।’

প্রিয়তমা লেডিস কর্নারের প্রতিষ্ঠাতা নাদিয়া আক্তার জানান, এটা ছেলে যদি ব্যবসায়ী হতে পারে, তাহলে একটা মেয়ে ব্যবসায়ী হতে পারবে না কেন? এ আত্মবিশ্বাস থেকেই নাদিয়া আক্তারের শুরু। এরপর শুধুই এগিয়ে চলা। ‘আমি প্রথম শাড়িতে সেলাই করতাম। তারপর গয়না তৈরি করতাম। বুটিক হাউসের পাশাপাশি চিন্তা করি ডিজিটাল মানি লেনদেন শুরু করব। তারপর নগদের সঙ্গে যুক্ত হই। এভাবে আমার ব্যবসা অগ্রসর হচ্ছে। একটা পুরুষ যে কাজ করতে পারে, সেই কাজ একজন নারীর ক্ষেত্রে কিছুটা কষ্টসাধ্য হয়। যেটা নিয়ে আসলে আমাদের পদ চলতে হয়। মূলত আমার টার্গেট হলো দেশের বাহির থেকে পণ্য এনে বিক্রি করব।’ নাদিয়া আক্তার এভাবে নিজের সফলতার কথা তুলে ধরেন।

নারীদের অবস্থা বদলানোর জন্য অবশ্যই অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এমনটাই মনের করেন তামান্না ফার্মেসি লিমিটেডের পরিচালক তুহীন আক্তার শিউলি। কীভাবে তামান্না ফার্মেসি প্রতিষ্ঠা করেছেন, সে বিষয় জানাতে গিয়ে বলেন, ‘আমি এখানে এক নারী। আসলে আমি নারী হিসেবে শুরু করিনি। আমি একজন অংশীদার হিসেবে এখানে কাজ শুরু করি। আমরা কয়েকজন পার্টনার মিলে শুরু করেছিলাম। আমরা যারা একসঙ্গে দেশের বাইরে ছিলাম। দেশে ফিরে আসার পর প্রথমে ওরা শুরু করল। শুরু করার পর আমাকে আমন্ত্রণ জানাল। বলল, পৃথিবীর অন্য দেশের মতো করে আমরা তামান্নাকে তৈরি করি। উপজেলা পর্যন্ত আমরা আমাদের তামান্নাকে নিয়ে যেতে চাই। আমি সবাইকে আহ্বান করব যে যে পর্যায়েই থাকুক না কেন, সেখান থেকেই সে স্বাবলম্বী হোক।’

মেয়েরা যে কিছু করতে পারে, এটা হচ্ছে মেয়েদের মনের জোরে। ইচ্ছা থাকলেই উপায় হয়। সেই উপায় নিজেই বের করে নিয়েছেন অর্চনা রানী। প্রতিষ্ঠা করেছেন ফেন্ডস এন্টারপ্রাইজ। অর্চনা রানী ব্যবসাটা একার জন্য সফল করতে চান না; তিনি চান, এ রকম ব্যবসা আরও বাড়ুক। সবাই ব্যবসায় এগিয়ে আসুক। সবাই ব্যবসায় ভালো করুক। আজকের সফল নারী ফেন্ডস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা অর্চনা রানী শুরুর কথা জানান এভাবেই। ‘দোকান নেওয়ার পর প্রথমে আমি স্টেশনারি ব্যবসা শুরু করি। তারপর দেখলাম, স্টেশনারির পাশাপাশি আমি ডিজিটাল লেনদেনও করতে পারি। সে ক্ষেত্রে আমি নগদ ও মোবাইল লোড নিয়ে কাজ শুরু করি।’ তবে শুরুতেই সফল হননি অর্চনা। ‘মেয়ে হওয়ায় প্রথমে আমার কাছে খুব বেশি কাস্টমারও আসতে চায়নি। যখন দেখল মেয়ে মানুষ হলেও লেনদেন তো ভালোভাবেই করছে, তখন আস্তে আস্তে মানুষ আসা শুরু করে। যখন দুটো দোকান নিতে চেয়েছি, তখন অনেকেই বলেছে, আমি দুটো দোকান চালাতে পারব না। এটা আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে। এখানে যদি একটা ছেলে হতো, তাহলে এ কথা বলতে পারত না।’ হাসিমুখে এমনটাই জানান ফেন্ডস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা অর্চনা রানী।