নারী দিবসের অনুষ্ঠান কাল
তাহসানের গান গেয়ে রাঙামাটির যে কিশোরী পরিচিতি পেয়েছে সব জায়গায়, সেই তিসা দেওয়ানের পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি। শেষ হবে আরমিন মূসার দলের গান দিয়ে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান হবে আগামীকাল ৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে। শুরু বেলা সাড়ে তিনটায়।
অনুষ্ঠানে দেশের নানা ক্ষেত্রে সফল, খ্যাতনামা নারীরা উপস্থিত থাকবেন। আবার এমন সব নারী শোনাবেন জীবনের গল্প, যাঁদের সফলতা অনুপ্রেরণা জোগাবে অন্যদের। কেউবা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রথম মেডিকেল কনটিনজেন্ট কমান্ডার, কেউ নারীদের সঙ্গে নিয়ে পাহারা দেন বনাঞ্চল, কেউ দেশের প্রথম পেশাদার গলফার, গৃহকর্মী থেকে মাইক্রোসফটের শুভেচ্ছা দূত হয়েছেন কেউ, আবার এমন একজন যিনি ফুটবলের নারী ও পুরুষ উভয় দলেরই কোচ ও রেফারি, কেউ অ্যাসিড-সন্ত্রাসে দৃষ্টিশক্তি হারিয়েও চালিয়ে যাচ্ছেন পড়াশোনা।
এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘প্রগতিকে দাও গতি’—এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই প্রথম আলোর এই বিশেষ উদ্যোগ।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।