নারী দিবসের ১০০ বছর পূর্তিতে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কয়েকটি সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ৬০টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আমরাই পারি ক্যাম্পেইন এবং কর্মজীবী নারী পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে।সামাজিক প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলনে ১৯৯৭ সালে ঘোষিত জাতীয় নারী উন্নয়ননীতি হালনাগাদ করে পূর্ণ বাস্তবায়ন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ এবং ১০০ আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, সিডও সনদের ধারা ২ ও ১৬ (১) গ থেকে সংরক্ষণ প্রত্যাহার করে পূর্ণ অনুমোদন করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে নারী প্রগতি সংঘের পরিচালক রোকেয়া কবির লিখিত বক্তব্য পাঠ করেন। এতে জানানো হয়, ৮ মার্চ নারী দিবসে দুপুর দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। বিকেল তিনটায় শহীদ মিনার থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত র্যালি হবে। এ ছাড়া ফানুস ওড়ানো, বাংলা একাডেমীতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বুকলেট তৈরি ও মিডিয়াতে টক শোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে সামাজিক প্রতিরোধ কমিটির কর্মসূচি। এ ছাড়া কমিটির সদস্য ৬০টি সংগঠন সারা দেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী দিবসের ১০০ বছরের অর্জন অনেক। তবে এখনো সংকট আছে। স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, নারী আন্দোলনের স্লোগানে পরিবর্তন এসেছে। আগে নারী-পুরুষের সম-অংশগ্রহণের দাবি তোলা হতো, এখন সম-সুযোগের দাবি উঠেছে।কর্মজীবী নারী আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের কর্মসূচি সমন্বয়ক আরিফা আক্তার। এতে বলা হয়, দেশে শক্তিশালী শ্রম আইন আছে। অথচ অতিরিক্ত কর্মঘণ্টায় শ্রমিকদের কারখানায় তালাবদ্ধ রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলেও বিষয়টিকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। সম্প্রতি গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ২১ শ্রমিকের মধ্যে ১৩ জনই নারী ছিলেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের নামে শ্রমিকদের দু-এক লাখ টাকা দেওয়া আরেক ধরনের প্রতারণা। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, নিহত ব্যক্তিদের পরিজনেরা আইন সম্পর্কে জানে না। অন্যদিকে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি না সরকারও সে খোঁজ রাখে না।সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকার মুক্তাঙ্গন থেকে নারীশ্রমিকদের অংশগ্রহণে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মজীবী নারীর কর্মসূচি শুরু হবে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিলসহ মহীয়সী নারীদের জীবনী নিয়ে গান, কবিতা, নাটক, যৌন হয়রানি বন্ধে বছরব্যাপী প্রচার কর্মসূচি ছাড়াও বিভাগ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি থাকছে। সংবাদ সম্মেলনে কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক ও পরিচালক মাহমুদা ইমাম উপস্থিত ছিলেন।আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের ‘আমরাই পারি ক্যাম্পেইন’ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাম্পেইনের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক। এ সময় উপস্থিত ছিলেন আমরাই পারির কো-চেয়ার ফৌজিয়া খোন্দকার ও অধ্যাপক লতিফা আকন্দ।জিনাত আরা বলেন, আন্তর্জাতিক জরিপে নারীর প্রতি সহিংসতার উচ্চহারের ক্ষেত্রে বাংলাদেশের স্থান চতুর্থ। বাংলাদেশে প্রতি দুজন নারীর মধ্যে একজন পরিবারিক নির্যাতনের শিকার হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৩ মার্চ বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ এবং বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে ৮ মার্চ ঢাকায় শেষ হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী দিবসের শতবর্ষ পালন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকা-তেঁতুলিয়া ‘নারী জাগরণ যাত্রা’ এবং ৮ মার্চ ঢাকায় শোভাযাত্রার আয়োজন করেছে। সম্প্রতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল সাড়ে ১০টায় মুক্তাঙ্গনে নারী জাগরণ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে তেঁতুলিয়ার উদ্দেশে যাত্রা করবে।