নারী নিপীড়ন রোধে আইন করার দাবি প্রতিরোধ কমিটির
নারী উত্ত্যক্ত, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন ২০১০-এর প্রস্তাবনাটি আইন হিসেবে গ্রহণের দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার ৬০টি নারী সংগঠনের মোর্চা জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি তোলে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যখন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে নারীর ক্ষমতায়নে ইতিবাচক অর্থে এগিয়ে আসছে, তখন তরুণীরা শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে উত্ত্যক্ত ও যৌন হয়রানির শিকার হচ্ছে। মাদকাসক্তি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্র ব্যবসার পাশাপাশি তরুণীদের নগ্ন ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো সাইবার ক্রাইম বাড়ছে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মাধ্যমে এ অবস্থার বিরুদ্ধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।বক্তারা অভিযুক্তদের শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, নারী নির্যাতন রোধে তরুণ সমাজকে বিভ্রান্তি, হতাশা থেকে রক্ষা করতে হবে। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারকে আরও উদ্যোগী ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য দেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, নারী প্রগতি সংঘের রোকেয়া কবীর, নারী মুক্তিযোদ্ধা সংসদের মমতাজ বেগম, কর্মজীবী নারী শিরীন আক্তার, উইমেন ফর উইমেনের নীলুফার বানু, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, বাংলাদেশে হাঙ্গার প্রজেক্টের প্রধান বদিউল আলম মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।