নারী নিরাপত্তাহীনতায় থাকলে অগ্রগতির চাকা থেমে যাবে
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, ‘দেশজুড়ে কন্যাশিশু নির্যাতনের যে উৎসব চলছে তা মোকাবিলা করার জন্য দ্রুত সরকারে পদক্ষেপ নিতে হবে। ক্রমাগত ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনটিরই কোনো বিচার হচ্ছে না। ফলে ভয়াবহ ঘটনা ঘটেই চলছে। এতে আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রীর গতানুগতিক কথায় যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না।’
আজ সোমবার মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে বর্বর নির্যাতন করে নৃশংস হত্যাসহ নারী ও কন্যাশিশুকে উত্ত্যক্ত করা, ধর্ষণ, হত্যা ও বিভিন্ন ভাবে নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধির ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে স্থানীয় আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলুন’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে আয়শা খানম বলেন, নারী ও কন্যাশিশু ধর্ষণের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন সাধারণ মানুষ ভয় পায় এবং মেয়েরা বাইরের কাজ করা থেকে বিরত থাকে। যেই দেশের অর্থনীতি নারীর অবদানের মাধ্যমে আজ এগিয়ে যাচ্ছে, সেই দেশে যদি নারীরা নিরাপত্তাহীনতায় থাকে তাহলে দেশের অগ্রগতির চাকা থেমে যাবে। জাতীয় সংসদে নারী হত্যা ও ধর্ষণকে জাতীয় ইস্যু হিসেবে মনে করেন না সাংসদরা। যদি তাই মনে করতেন তাহলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তাঁরা সংসদে নিন্দা প্রস্তাব নিতেন।
সমাবেশে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, এ দেশের নারী আন্দোলনকে ক্রমাগত এ ধরনের ঘটনার প্রতিবাদে আজ রাজপথে দাঁড়াতে হচ্ছে। সংবিধানে যেখানে নাগরিক অধিকারের কথা বলা হচ্ছে সেখানে ক্রমাগত কেন এই ধরনের বর্বর ঘটনা ঘটে যাচ্ছে, কেন প্রশাসন নিশ্চুপ আছে, সেই প্রশ্ন করেন তিনি।
সমাবেশে পরিষদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।