নারী নির্যাতন কমেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নতুন জরিপ বলছে, নারী পাচার, যৌন নির্যাতন, মানসিক নির্যাতনসহ অন্যান্য নির্যাতন কমেছে। এমনকি জরিপ শুরুর আগের ১২ মাসের হিসাবেও নারী নির্যাতন কমার একই চিত্র পাওয়া গেছে। তবে নারীদের ওপর শারীরিক নির্যাতন কমেনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১১’ নামে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছিল। সে জরিপে নারী নির্যাতন বাড়ার তথ্য ছিল। বর্তমানে এ সংস্থার দ্বিতীয় জরিপে নারী নির্যাতন কমেছে বলা হচ্ছে।
‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক নতুন জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষায় আছে। বিবিএসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে নতুন জরিপে নির্যাতন কমেছে শুধু এ তথ্যটুকু জানা সম্ভব হয়েছে। কোন নির্যাতন কতটুকু কমেছে বা শারীরিক নির্যাতন কতটুকু বেড়েছে, তার তথ্য পাওয়া যায়নি।
বিবিএসের জরিপ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নারী আন্দোলনের কর্মীরা দেশে নারী নির্যাতন কমে যাওয়ার সঙ্গে একমত নন। এ ছাড়া দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা নারী নির্যাতন নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিবেদন এবং বিচ্ছিন্ন গবেষণাতেও নারী নির্যাতন কমেছে বলে কোনো প্রমাণ মেলেনি।
২০১১ সালের জরিপেই প্রথমবারের মতো মানসিক নির্যাতনকে নির্যাতনের তালিকায় গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি ও আর্থিক সহায়তায় সরকার প্রথম ও দ্বিতীয় জরিপটি করেছে।
সরকারের প্রথম জরিপ অনুযায়ী, দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে জীবনে কোনো না-কোনো সময়ে, কোনো না-কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তাঁরা স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ নারী স্বামীর মাধ্যমে আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব নারীর ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা বিগত এক বছরেও একই ধরনের নির্যাতন ভোগ করেছেন। বড় অংশের নারীকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে যৌনসম্পর্ক গড়তে বাধ্য হতে হয়েছে।
জাতিসংঘের ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ (সিডও) কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান দেশে নারী নির্যাতন কমেছে বলে বিবিএসের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, বিবিএসের প্রথম জরিপে মানসিক নির্যাতনকে অন্তর্ভুক্ত করা হলো। শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। আগে যে নির্যাতনগুলোকে নির্যাতন বলেই মনে করা হতো না, নারীরা এখন সেগুলোকেও নির্যাতন মনে করছেন। তাই হঠাৎ করে কী এমন হলো যে, শুধু শারীরিক নির্যাতন ছাড়া অন্যান্য নির্যাতন কমে গেল? সরকারের প্রথম জরিপ গ্রহণযোগ্যতা পেয়েছিল, তবে এবারের জরিপ বিভিন্ন প্রশ্নের জন্ম দেবে।
জানা গেছে, ২০১৫ সালের জরিপের ভিত্তি ছিল দেশের সাতটি বিভাগের (ময়মনসিংহকে ঢাকা বিভাগে ধরা হয়) ২২ হাজার ৭৭৫টি গৃহস্থালির ২১ হাজার ৬৮৮ নারীর সাক্ষাৎকার। ২০১৫ সালের ১৩ থেকে ২২ আগস্ট জরিপের তথ্য সংগ্রহ করা হয়। ২০১১ সালের জরিপে ১৫ বছরের বেশি বয়সী ১২ হাজার ৫৩০ জন নারী তথ্য দেন।
বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ১১ বছর ২ মাসে বিভিন্নভাবে নির্যাতিত, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আত্মহত্যা করেছেন মোট ৫৬ হাজার ৬৫৬ জন নারী।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিভিন্ন পরিসংখ্যানও বলছে, কোনো ধরনের নির্যাতনই কমেনি। সরকারি, বেসরকারি পর্যায়ের কার্যক্রমে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমেছে, তবে তাও ততটা দৃশ্যমান নয়। তাই বিবিএস কীভাবে বা কিসের ভিত্তিতে বলছে নির্যাতন কমেছে তা বোধগম্য নয়।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে নারী ও শিশু নির্যাতনের মোট মামলা ছিল ১৭ হাজার ৭৫২টি। গত বছর এ সংখ্যা ছিল ২১ হাজার ২২০টি।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রথম আলোকে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঘটনা ঘটলেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে কোনো ঘটনা ঘটলেও গণমাধ্যমসহ বিভিন্ন প্রযুক্তির কারণে সবাই জেনে যাচ্ছে। ভিকটিম আইনের আশ্রয় নিচ্ছে, অন্যদিকে অপরাধীকেও আইনের আওতায় আনা হচ্ছে। সব মিলে অনেকের মধ্যেই এ সচেতনতা এসেছে যে, মন চাইলেই স্ত্রী বা কোনো নারীর প্রতি নির্যাতন করা যায় না। বর্তমানে নির্যাতনের বিষয়টি দৃশ্যমান হলেও মাত্রা হয়তো দিন দিন কমে আসছে।
৫৫টি জেলায় নিজস্ব কর্মীদের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ব্র্যাকের গত বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে নারী নির্যাতনের ঘটনা জানানোর সংখ্যা (রিপোর্টিং) ৭৪ শতাংশ বেড়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারীর প্রতি সহিংস ঘটনার ৬৮ শতাংশই নথিভুক্ত হয় না।