নারীদের উত্ত্যক্ত করার শাস্তি নিশ্চিত করতে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের কয়েকটি ধারা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত আইন যুগোপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইভ টিজিং-সংক্রান্ত যুগোপযোগী আইন প্রণয়ন এবং সে বিষয়ে করণীয়’ সম্পর্কে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান। এ সময় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, আইনের প্রয়োগ নিশ্চিত করা, ভ্রাম্যমাণ আদালত, সামাজিক প্রতিরোধ আন্দোল ন আরও জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়।বৈঠকে উত্ত্যক্তকারীর বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে সারা দেশে এর বাস্তবায়ন জোরদার করার আহ্বান জানানো হয়। এ ছাড়া নাটোরের শিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের মধুখালীর অভিভাবক চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডের তদন্তকাজ দ্রুত করার আহ্বান জানানো হয়। বৈঠকে জানানো হয়, ইভ টিজিং-সম্পর্কিত সামাজিক প্রতিরোধ কর্মসূচি জোরদার করাসহ সার্বিক প্রতিরোধ কর্মকাণ্ড সমন্বয় করবে শিক্ষা মন্ত্রণালয়।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ইভ টিজিংয়ের কারণে ছাত্রীরা ঠিকমতো স্কুল-কলেজে যেতে পারছে না। অভিভাবক তাঁর মেয়েকে বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন, মেয়ে ও পরিবারের ওপর চাপ পড়ছে। এটি এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সরকারের আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধই এ অবস্থার পরিবর্তনে জোরালো ভূমিকা পালন করতে পারে বলে শিক্ষামন্ত্রী মত প্রকাশ করেন। তিনি বলেন, মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করতে হবে। মেয়েদের অধিকার ও মর্যাদা দিতে হবে। তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিটি স্কুল-কলেজে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব মো. শহিদুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।