স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, স্কুল-কলেজে যাওয়া-আসার পথে বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। এ কারণে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়াই কঠিন হয়ে পড়ে। বখাটেদের উৎপাতে অনেক ছাত্রী স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেয়। অনেকে আবার বেছে নেয় আত্মহননের পথ। এ অবস্থা চলতে দেওয়া যায় না। ইভ টিজিং বা উত্ত্যক্ত করা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটিব্যাংক এনএর গ্লোবাল কমিউনিটি দিবস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আমাতন নেসা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রী ও তাদের অভিভাবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইভ টিজিং দীর্ঘদিনের সামাজিক সমস্যা। আইন করে এ সমস্যা দূর করা সম্ভব নয়। এর পরও ইভ টিজিং বন্ধে নারী নির্যাতন দমন আইন সংস্কার করার চিন্তাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক ও আইন প্রয়োগকারী সংস্থাকে ইভ টিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজের আশপাশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বখাটেদের প্রতি মা-বাবাদের বিশেষ নজর রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বখাটেরা আমাদেরই সন্তান এবং সংখ্যায়ও অল্প। তাই তাদের বখাটেপনা থেকে ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য সমাজকেও আরও সচেতন হতে হবে। শুধু মন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এদের প্রতিরোধ করা সম্ভব নয়।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হলেও সম্প্রতি ইভ টিজিংয়ের মাত্রা বেড়ে গেছে। মাগুরা ও নাটোরের উদাহরণ টেনে তিনি বলেন, ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে দুই শিক্ষক নিগৃহীত হয়েছেন। ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিটিব্যাংকের সহায়তায় আমাতন নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ে স্থাপিত অত্যাধুনিক কম্পিউটার-সংবলিত একটি ‘সিটি নলেজ সেন্টারের’ উদ্বোধন করেন।অনুষ্ঠানে ধামরাইয়ের সাংসদ বেনজীর আহামেদ, সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশে সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুন রশীদ, ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ময়না আক্তার, কাজী সুলতানা ও শারমিন আক্তার অভিযোগ করে, উত্ত্যক্ত হওয়ার ভয়ে তাদের এক সহপাঠী গতকাল অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।