নারী নির্যাতন দমনে নতুন কোনো আইন প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন দমনে নতুন কোনো আইনের প্রয়োজন নেই। প্রচলিত আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে সচেষ্ট রয়েছে সরকার।
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের দরগা গেট এলাকায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজ আদায়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান (তনু) প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাংলাদেশে কোনো ধরনের নারী নির্যাতনকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ—এটাই সরকারের অবস্থান।
শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, দেশে নারী নির্যাতন দমনে অনেক ভালো আইন আছে। সেই আইনগুলো প্রয়োগের মাধ্যমেই নারী নির্যাতন কমানো সম্ভব। পরে বেলা সাড়ে পাঁচটায় স্পিকার সিলেটের বালাগঞ্জ উপজেলার ডিএস উচ্চবিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর একুডেশন ট্রাস্ট ইউকে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি বদরুল ইসলাম। হারুন উর রশীদের সঞ্চালনায় সাংসদ সৈয়দা সায়েরা মহসিন, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইয়াহ্হিয়া চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।