তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের ফলে নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীর শ্লীলতাহানি আর হয়রানিও বাড়ছে। কিন্তু নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই এগুলোকে সময়োপযোগী করতে হবে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে ‘দক্ষিণ এশিয়ায় নারীদের উন্নত জীবনযাপনের অধিকার, যৌনতা ও লিঙ্গ বৈষম্য’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) যৌথ উদ্যোগে এ আলোচনা সভা হয়।
সভায় ‘সাহসী নতুন বিশ্ব, পুরাতন অধিকার?’ শিরোনামে লিখিত বক্তব্যে ‘পয়েন্ট অব ভিউ’-এর নির্বাহী পরিচালক বিশাখা দত্ত বলেন, ‘আমাদের দেশে নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে পুরুষদের পুরুষত্ব দেখানোর স্বভাব। অনলাইন বা স্বাভাবিক জীবন—উভয় ক্ষেত্রেই পুরুষদের এই প্রবণতা দেখা যায়। ইভ টিজিংসহ নারীদের শ্লীলতাহানির ক্ষেত্রে ওই পুরুষের সহপাঠীরাও প্ররোচনা দিয়ে থাকে। নারীর অধিকার রক্ষায় বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রতিফলন ঘটাতে হবে।’
আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ প্রসারের ফলে নারীদের অধিকার সুরক্ষা পাওয়া যাচ্ছে। কিন্তু তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারীদের শ্লীলতাহানি ও হয়রানিমূলক কাজও হচ্ছে। নারীর অধিকার সুরক্ষায় যেসব আইন বিদ্যমান রয়েছে, এগুলো কতটা যুক্তিসংগত, তা পরীক্ষা করা হয়নি। তথ্যপ্রযুক্তি আইনে অশ্লীল বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও অশ্লীলতাকে সংজ্ঞায়িত করা হয়নি। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহমত উল্লাহ, ব্লাস্টের সহকারী পরিচালক মাহবুবা আক্তার প্রমুখ বক্তব্য দেন।