নারী নির্যাতন প্রতিরোধে আন্দোলনে নেই বড় দুই দল

বর্তমানে দুটি বৃহৎ দলের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে কোনো সামাজিক আন্দোলন দেখা যায় না। কেবল বাম দলগুলোকে সামাজিক নানা বিষয়ে আন্দোলনমুখর হতে দেখা যায়।
আজ মঙ্গলবার বিকেলে ‘নারীর ক্ষমতায়ন: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে কথাগুলো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘মোস্তাফিজুর রহমান খান ও সালেহা খানম ট্রাস্ট ফান্ড বক্তৃতা ২০১৬’ সংস্থাটির মিলনায়তনে এ প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সাদেকা হালিম বলেন, গত ১৫ বছরের ব্যবধানে স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ কমে গেছে। এর পেছনে পুরুষতান্ত্রিক ও ধর্মীয় অনুশাসন দায়ী। তিনি বলেন, দেশের মোট ভোটারের অর্ধেক নারী। কিন্তু দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কমিশনার পদে কোনো নারী কমিশনার নেই, যা নারীর ক্ষমতায়নের পথে বাধা।
সাদেকা হালিম বলেন, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামো নারীর ক্ষমতায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে যুক্ত করেছিলেন। কিন্তু জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষতার মূলনীতি পরিবর্তন করে বাংলাদেশে সাম্প্রদায়িকতাপূর্ণ জাতীয়তাবাদের বিকাশ ঘটান। তিনি বলেন ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’-তে প্রতিবন্ধী, আদিবাসী ও অভিবাসী নারী শ্রমিকদের প্রসঙ্গ এলেও সম্পত্তিতে নারীর সমান অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। তিনি ইরাক, মরক্কো, সোমালিয়ায়, তিউনিসিয়ার কথা উল্লেখ করে বলেন, এসব দেশে সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠিত।
অধ্যাপক সাদেকা হালিম তাঁর প্রবন্ধে নারীর ক্ষমতায়ন ও সমতার প্রশ্ন, সাংবিধানিকভাবে দেশে নারীর অবস্থা, নারী উন্নয়ন নীতি, ভূমিতে নারীর অভিগম্যতা, কৃষিতে নারীর শ্রম, কর্মসংস্থানে নারীর অবস্থান, রাজনীতিতে ও প্রশাসনে নারীর ভূমিকা তুলে ধরেন। এ ছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হয়রানি এবং বিচারহীনতার সংস্কৃতি নারী ক্ষমতায়নের পথে বাধা হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক-গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক। এ বক্তৃতার আহ্বায়ক ছিলেন সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন।