নারী নির্যাতন প্রতিরোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। নির্যাতন প্রতিরোধ এবং নির্যাতনের শিকার নারীদের জন্য দেশে আইনের কমতি নেই। একই সঙ্গে সরকার, দাতাগোষ্ঠী এবং বেসরকারি সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে সমন্বয় থাকাটাও জরুরি।
গতকাল রোববার রাজধানীর এক হোটেলে নির্যাতনের শিকার নারীদের সুরক্ষা বিষয়ে এক নীতি সংলাপে বক্তাদের আলোচনায় এ রকম কথা উঠে আসে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজনে এ সংলাপের বিষয় ছিল ‘বাংলাদেশে যৌন নিপীড়ন ও জেন্ডার সংশ্লিষ্ট সহিংসতা মোকাবিলায় ভিকটিম সাপোর্ট সার্ভিস এবং প্রাতিষ্ঠানিক সাড়া জোরদারকরণ’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ আইনের খসড়ায় অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না—এ ধরনের বন্ডে সই নেওয়ার ধারা রাখার সুপারিশ করা হয়েছে। বন্ড দেওয়ার পরও কোনো অভিভাবক মেয়েকে অন্য এলাকায় নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
আইনের খসড়াটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে উল্লেখ করে সচিব বলেন, ‘কোনো একটি এলাকায় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হলেও আবার অন্য এলাকায় নিয়ে অভিভাবকেরা বিয়ে দিয়ে দিচ্ছেন। নাম, বাবার নাম পরিবর্তন করে নতুন জন্মনিবন্ধন সনদের মাধ্যমে ১৪ বছরের মেয়েকে ১৮ বছর বলে বিয়ে দেওয়া হচ্ছে। এমনও ঘটনা ঘটছে, বাবা–মায়ের বিয়ের বয়সই ১৮ বছর হয়নি, অথচ মেয়ের বয়স ১৮ দেখিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে।’
নীতি সংলাপে সভাপতিত্ব করেন ইউএনডিপির দেশীয় পরিচালক পাউলিন টেমেসিস। তিনি নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, সরকারি-বেসরকারি পর্যায়ে যেসব কার্যক্রম আছে, সেগুলোর মধ্যে সমন্বয় করার বিষয়টিতে গুরুত্ব দেন।
বিশেষ অতিথি কোরিয়া ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির এ দেশীয় পরিচালক জো হাইউন-গুই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করে যাতে অর্থ ও জনবলের অপচয় না হয়, সে দিকটায় লক্ষ রাখতে বলেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুসা বলেন, নারী নির্যাতনের বিষয়টিকে এখন পর্যন্ত ততটা গুরুতর ভাবা হয় না। প্রথা হিসেবে চলে আসছে। ফলে সব ঘটনা লিপিবদ্ধ হচ্ছে না।
নীতি সংলাপে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আইসিডিডিআরবি, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁরা নারী নির্যাতন প্রতিরোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকার বিষয়টিতে গুরুত্ব দেন।