নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের একটি টহল দল কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ শেষে হত্যা করে। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে দিনটিকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। সারা দেশের মতো এবারও দিনটিতে দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচি ঘোষণা করেছে।

নিহত ইয়াসমিনের মা শরিফা বেগম দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকায় তাঁর বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘ইয়াসমিন হত্যা: আমাদের উপলব্ধি ও সাম্প্রতিক সময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এ ছাড়া মহিলা পরিষদ, বালুবাড়ী মহিলা বহুমুখী উন্নয়ন সমিতিসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসমিনের কবর জিয়ারত, দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকায় বসবাসকারী শরীফা বেগমের মেয়ে ইয়াসমিন (১৩) রাজধানী ঢাকার একটি বাসার গৃহকর্মী ছিল। ১৯৯৫ সালের ২৩ আগস্ট সে দিনাজপুরে আসার জন্য ঢাকার গাবতলী থেকে ঠাকুরগাঁওগামী হাসনা এন্টাপ্রাইজ নামে রাত্রিকালীন একটি বাসে ওঠে। বাসটির তত্ত্বাবধায়ক ২৪ আগস্ট ভোরে রংপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কেরদশমাইল মোড়ে ইয়াসমিনকে নামিয়ে দেন। সেখানে একজন পান দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে কিশোরীটিকে দিনাজপুরগামী বাসে তুলে দিতে অনুরোধ করেন তিনি। বাসটি চলে গেলে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের টহল দল দশমাইল মোড়ে এসে মেয়েটির পরিচয় জানতে চায়। সে সময় কিশোরীকে শহরে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে পিকআপ ভ্যানে তুলে নেয় পুলিশ। ওই দিনই পুলিশ সদস্যরা কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করেন। এরপর তার লাশ মহাসড়কের ধারে উত্তর গোবিন্দপুর এলাকায় ফেলে দেয়।

ঘটনা জানাজানি হলে প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরবাসী। জনতা কোতোয়ালি থানা ঘেরাও করে জড়িত পুলিশ সদস্যদের বিচার ও শাস্তি দাবি করে। প্রতিবাদী জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুলিতে সামু, সিরাজ ও কাদেরসহ সাতজন নিহত হন। শতাধিক নারী-পুরুষ আহত হন।

পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতা শহরের চারটি পুলিশ ফাঁড়ি, পুলিশের চারটি পিকআপ জ্বালিয়ে দেয়। বিক্ষোভের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল দিনাজপুর প্রেসক্লাব, স্থানীয় পাঁচটি পত্রিকা কার্যালয় পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে কারফিউ জারি করা হয়। পুলিশ প্রত্যাহার করে শহরে বিডিআর (বিজিবি) নামানো হয়।

ইয়াসমিন হত্যার ঘটনায় দিনাজপুরবাসীর পক্ষে মামলা দায়ের করা হয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুর বিশেষ আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় পুলিশের এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আবদুস সাত্তার ও পুলিশের পিকআপের চালক অমৃত লাল বর্মণকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৪ সালের ১ সেপ্টেম্বর রংপুর কারাগারে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।