নারী নির্যাতন প্রতিরোধে উদ্যমে উত্তরণে শতকোটি আন্দোলনের যাত্রা শুরু
‘যথেষ্ট হয়েছে আর নয়, এই সহিংসতা বন্ধ করো এখনই’—এটি একটি আহ্বান। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ১০০ কোটি নারী-পুরুষ ঘর ও কর্মস্থল থেকে বেরিয়ে এসে নারী নির্যাতন প্রতিরোধে এ আওয়াজ তুলবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ আন্দোলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা হিসেবে উদ্যমে উত্তরণে শতকোটি (ওয়ান বিলিয়ন রাইজিং) বাংলাদেশ অধ্যায়ের যাত্রা শুরু হয়। গতানুগতিকতার বাইরে বের হয়ে নারী ও মানবাধিকার আন্দোলনের কর্মীরা গান গেয়ে, কবিতা আবৃত্তি করে আন্দোলনটির সূচনা করেন। কেননা, বিশ্বব্যাপী আন্দোলনে নারী নির্যাতনের প্রতিবাদের মূল আহ্বান হচ্ছে: ‘রুখো, নাচো, ওঠো’। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতেই জানানো হলো বিশ্বব্যাপী আন্দোলনটির ইতিবৃত্ত। ‘ভি-ডে’ একটি আন্তর্জাতিক উদ্যোগ। ‘ভি’ বিজয়, ভালোবাসার প্রতীক। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ‘ভি-ডে’ আন্তর্জাতিক উদ্যোগের ১৫ বছর পূর্তি উপলক্ষে দেশে দেশে দিবসটি উদ্যাপন করা হবে। নারী ও মেয়েশিশুদের প্রতি নির্যাতন বন্ধে বিশ্ব-প্রচারণার সঙ্গে সংহতি জানাতে কর্মসূচি শুরু করেছে দক্ষিণ এশিয়াসহ ১৬০টি দেশ। অনুষ্ঠানে এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন শোনালেন তাঁর জীবনে কিছু প্রত্যয়ের কথা। তার পরই মঞ্চে আসেন সালমা খাতুন। উপস্থিত দর্শকদের মধ্যে গুঞ্জন ওঠে। কারণ, অনুষ্ঠানে দর্শকসারিতে তো বসে আছেন দক্ষিণ এশিয়া থেকে নারীদের মধ্যে প্রথম নির্বাচিত জাতিসংঘের সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান। অনেকে ভাবলেন, ওয়াসফিয়া হয়তো ভুল নাম ডাকছেন। কিন্তু ওয়াসফিয়া আরও দৃঢ় কণ্ঠে জানালেন, সালমা খাতুন দেশের প্রথম নারী ট্রেনচালক। তুমুল হাততালি। সালমা খাতুন তাঁর অভিজ্ঞতা বর্ণনা করলেন। তিনি বললেন, কর্মক্ষেত্রে পুরুষের ভিড়ে খানিকটা নির্যাতনের শিকার হতেই হয়। আর এ ক্ষেত্রে কৌশল খাটিয়ে তা প্রতিরোধ করেন তিনি। এর পরই মঞ্চে আসেন সালমা খান। তিনি বললেন, পুরুষের সঙ্গে সংগ্রাম করে নয়, নতুন সম্পর্ক তৈরি করেই এগিয়ে যেতে হবে। তবে সমঝোতা দিয়ে যখন কাজ হবে না, তখন রুখেও দাঁড়াতে হবে নারীদের।তরুণ কণ্ঠশিল্পী শায়ান ‘কন্যা, জায়া, জননী’ গানেও নারীদের লজ্জা না পেয়ে, মুখ বুজে নির্যাতন সহ্য না করে প্রতিবাদ করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের সময়ের মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার শিল্পীদের সঙ্গে নারীনেত্রী শাহীন আনাম, খুশী কবিরসহ বর্তমান প্রজন্মের কয়েকজন গণসংগীত পরিবেশন করেন। পার্বত্য চট্টগ্রামের ত্রিমিতা চাকমা পুলিশ সদস্যের দ্বারা ধর্ষণ হওয়া ছোট্ট এক আদিবাসী শিশুর করুণ গল্প শোনান।