পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। লিঙ্গভিত্তিক বৈষম্য নিরসন না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। গতকাল শুক্রবার রোকেয়া দিবসে এ উপলব্ধি নতুন করে উচ্চারণের মাধ্যমে মহীয়সী এ নারীর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভা, সেমিনার, শোভাযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ‘রোকেয়া বেদী’তে ফুল দেওয়াসহ ভিন্ন ভিন্ন আয়োজনে এই অঙ্গীকার করেন।এসব অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।দিবসটি উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর ১৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিদিন বিশ্বে তিনজন নারীর মধ্যে একজন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।রোকেয়া দিবস পালনের পাশাপাশি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, নারীকে নতুন করে অধিকার দেওয়ার কিছু নেই। নারী তাঁর অধিকার নিয়েই জন্মায়। তিনি বেগম রোকেয়ার দেখানো পথে সবাইকে আলোকিত হয়ে নারীর জন্য সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।অনুষ্ঠানে তরুণ প্রজন্মের কয়েকজন প্রতিনিধি তাঁদের মতামত তুলে ধরেন। রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ তিন বক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন এতে সভাপতিত্ব করেন। সচিব তারিক-উল ইসলাম, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহকারী দেশীয় প্রতিনিধি নূর মোহাম্মদ আলোচনায় অংশ নেন।নূর মোহাম্মদ বলেন, কোনো পুরুষ নারী নির্যাতন করে না। শুধু কাপুরুষেরা নারী নির্যাতন করে।দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এক শোভাযাত্রার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রোকেয়া হলের প্রভোস্ট নাজমা শাহীন, হলের হাউস টিউটর ও ছাত্রীরা অংশ নেন।সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী সংহতিসহ বিভিন্ন সংগঠন পৃথক আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে।১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ১৯৩২ সালের একই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।