নারী নির্যাতন প্রতিরোধে শুধু নারীদের সচেতন করলে হবে না। সবচেয়ে জরুরি পুরুষ ও যুবকদের সচেতন ও সম্পৃক্ত করা। এ ছাড়া নারী নির্যাতনকে পারিবারিক বিষয় বা ঘরোয়া ব্যাপার বলে চুপ করে থাকলে চলবে না। নির্যাতনের শিকার নারী ও তাঁর পরিবারকে মুখ খুলতে হবে। প্রতিবাদ করতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা জাতীয় পর্যায়ের জরিপে নারী নির্যাতন প্রতিরোধে এই সুপারিশ করা হয়েছে। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ শীর্ষক সমন্বিত এই জরিপ গত ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
জরিপ অনুযায়ী দেশে বিবাহিত নারীদের ৮৭ শতাংশ স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হন। এক-তৃতীয়াংশের বেশি বিবাহিত নারী জীবনের কোনো না কোনো সময়ে স্বামীর মাধ্যমে যৌন নির্যাতনেরও শিকার হন। এ ছাড়া মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের বিভিন্ন চিত্রও উঠে এসেছে এ জরিপে। সরকারের পক্ষ থেকে এ ধরনের জরিপ এই প্রথম।
জরিপ প্রতিবেদনের সুপারিশে নারী নির্যাতনকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। নারী নির্যাতনের পক্ষে প্রচলিত বিভিন্ন নীতি-আচরণ পরিবর্তন ও নারী নির্যাতন আর সহ্য না করার প্রচার বাড়াতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে বলা হয়েছে। নারীর প্রতি সব ধরনের নির্যাতনকে অপরাধ হিসেবে চিহ্নিত করা এবং নির্যাতিত নারীকে আইনি সুরক্ষা দেওয়ার সুপারিশও প্রতিবেদনে করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, অনেক শিক্ষিত নারীও বুঝতে পারেন না যে তিনি নির্যাতনের শিকার। সব ধরনের নির্যাতনের বিষয়ে নারীকে সচেতন হতে হবে। প্রতিবাদ করতে হবে। আর নারীদের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধ, সমাজে নারী-পুরুষের সমতা তৈরির জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং এ-বিষয়ক আইন, নীতির বাস্তবায়ন হচ্ছে কি না, তা দেখার জন্য তদারকি সেল গঠনের কথাও বলা হয়েছে জরিপ প্রতিবেদনের সুপারিশে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘আইন ও নীতির বাস্তবায়ন যেমন জরুরি, তেমনি নারী নির্যতনবিরোধী মিছিল-মিটিংসহ বিভিন্ন কার্যক্রমে পুরুষদের সম্পৃক্ত করাও গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে।’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী তৃণমূলে কমিটি গঠনের বিষয়টির ওপর বেশি জোর দেন। তাঁর মতে, তৃণমূলে কমিটি জোরদার করা সম্ভব হলে তাৎক্ষণিক নজরদারি ও সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের চেয়েও বেশি জরুরি জনসচেতনতা। পারিবারিক নির্যাতনের শিকার নারীরা আইনের আশ্রয় নিতেও ভয় পান। তবে যাঁরা আইনের আশ্রয় নেবেন, তাঁরা যেন সুরক্ষা পান, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণসহ সব ধরনের প্রশিক্ষণে নারী নির্যাতনবিরোধী আইনসহ সংশ্লিষ্ট বিষয় যুক্ত করতে হবে।
জরিপ প্রতিবেদনে নারী নির্যাতন প্রতিরোধে নিরাপদ আশ্রয়কেন্দ্র, বিনা মূল্যে হেল্প লাইন ও আইনি সহায়তা পাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। পারিবারিক আদালতকে শক্তিশালী করা, মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া, পাঠ্যসূচিতে মানবাধিকার, নারী-পুরুষের সমান অধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, বহুবিবাহের কুফল এবং পারিবারিক নির্যাতনের সঙ্গে এর সম্পর্ক নিয়ে প্রচার বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
রাজনীতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতিসংঘের শান্তি মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানো, অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ এবং নারীর জন্য উপযুক্ত কাজের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে আইনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার এবং নারী নির্যাতন প্রতিরোধে জনবল ও অর্থের সংস্থান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে ও তালাকের মতো বিষয়গুলোতে দেশের পারিবারিক আইনে পুরুষদের বেশি অধিকার দেওয়া হয়েছে। এসব আইন নারীদের জন্য বৈষম্যমূলক। তবে ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনটিকে ভালো হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক বলেন, সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়গুলো স্কুলের পাঠ্যবইতেই অন্তর্ভুক্ত করতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের সচেতন করে তুলতে হবে।
জরিপের জন্য দেশের সব অঞ্চলের গ্রাম ও শহরের ১৫ বছরের বেশি বয়সের মোট ১২ হাজার ৬০০ নারীকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এঁদের মধ্যে ১২ হাজার ৫৩০ জন জরিপে তথ্য দেন। ২০১১ সালের ১৯ থেকে ২৮ ডিসেম্বর এসব তথ্য সংগ্রহ করা হয়
।