নারী নির্যাতন প্রতিরোধে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংলাপের আয়োজন করা হয়। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট দিনাজপুর ওই সংলাপের আয়োজন করে।

সংলাপের বিষয়বস্তু তুলে ধরে আলোকপাত করেন দিনাজপুরে জোটের সভাপ্রধান শাহজাহান শাহ্। তিনি বলেন, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—নয় মাসে দেশে ১৫২ জন নারী গণধর্ষণ, ৩০১ জন নারী ধর্ষণ ও ২৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১৪৯ জন নারী স্বামী কর্তৃক হত্যাকাণ্ড, ১১ জন নারী যৌন নির্যাতন ও ২৮ জন নারী অ্যাসিড–সন্ত্রাসের শিকার হয়েছেন।

এদিকে সংলাপে পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো: নারী নির্যাতন প্রশ্নে সরকারের জিরো টলারেন্স অবস্থান বাস্তবে অর্থবহ করা, নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি প্রদানে দ্রুত বিচার নিশ্চিত করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব প্রদান, সমাজে বিরাজমান বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও নারীর অগ্রগতির প্রশ্নে সব আইন, সনদ, নীতিমালাসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। সংলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, বিভিন্ন নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।