
নারী নির্যাতন বন্ধে শুধু আইন তৈরি করলে চলবে না। এ জন্য প্রয়োজন নারীদের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এ ক্ষেত্রে সন্তানদের সহযোগিতা দিতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের এগিয়ে আসতে হবে। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘রুখে দাও নারী নির্যাতন’ স্লোগান নিয়ে দেশের ১২ জেলায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা এ আহ্বান জানান।
জেলাগুলো হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, ফরিদপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড়। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শুধু আইন দিয়ে নয়, পারিবারিক শিক্ষার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সুব্রত কুমার সিংহ, সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, নারীবিষয়ক সম্পাদক ফাহিমা নাজনীনসহ ৫০ জনের বেশি বন্ধু ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন থেকে নারীর প্রতি সব ধরনের নির্যাতন রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বন্ধুসভার সাবেক সভাপতি ফারুক হোসেন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার সদস্য কবি আমেনা আনসারী।
চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, জাগো নারী বহ্নিশিখার সদস্যসচিব মনোয়ারা খাতুন, নিরাপদ সড়ক চাই-এর সদস্য কামরুজ্জামান রানু, আদিবাসী নারী কল্পনা মুরমু, সাংবাদিক মৌটুসি চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ।
ঝালকাঠিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি পার্থপ্রতিম সাহা। বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস শিকদার, ডেইলি স্টার-এর প্রতিনিধি জহিরুল ইসলাম, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্যকার নির্মল কুমার দাস গুপ্ত, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি স্বপন ব্যানার্জি, শিক্ষক অশোক দাস, বন্ধুসভার সভাপতি মিজানুর রহমান।
জামালপুর শহরের দয়াময়ী চত্বরের মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে অগ্রগতি চিন্তা করা সম্ভব নয়।
নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়। বক্তব্য দেন প্রভাষক পরিতোষ কুমার রায়, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার সাধারণ সম্পাদক নূর জামান সরকার, নারী সম্পাদক লিপি রায় প্রমুখ।
পঞ্চগড়ে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, শিশুকুঞ্জ সংগঠনের সভাপতি নুর আলম, বন্ধুসভার সভাপতি আসমা আক্তার প্রমুখ।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে নারী নির্যাতনকারী শক্তিকে প্রতিহত করতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা বিকেলে ক্যাম্পাসে মানববন্ধন করেন। এতে অংশগ্রহণকারী লোকজন বলেন, নারী নির্যাতন বন্ধে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবারে মানবিক মূল্যবোধের শিক্ষাও প্রয়োজন।
বরগুনা শহরে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক আবদুর রব, চারুশিল্পী মাসউদ সিকদার, বন্ধুসভার সভাপতি সুশান্ত পোদ্দার, সাংগঠনিক সম্পাদক সুদ্বীপা দাস প্রমুখ।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে গাজীপুর ও কালিয়াকৈর বন্ধুসভার সদস্যদের সঙ্গে এলাকাবাসীও অংশ নেন।