নারী নির্যাতন বন্ধে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শুধু ঘরের ভেতরে নয়, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছেন। ক্ষেত্রভেদে শুধু নির্যাতনের ধরন পাল্টে যাচ্ছে। নির্যাতনের বিষয়ে নারীদের চুপ থাকলে চলবে না। নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হবে। নীরবতা ভাঙতে হবে। নারী নির্যাতন বন্ধে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ল ক্লাব আয়োজিত গতকাল বুধবার একটি অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে রাজধানীর মহাখালীতে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ভিডিও প্রদর্শনী, বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা পড়ে শোনানো, প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন পর্বে অংশ নেন ক্লাবের সদস্যরা।
আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদাউস আযিম বলেন, পুরুষদের বেশির ভাগই মনে করছেন স্ত্রীকে মারার অধিকার আছে। অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজে স্ত্রীকে মারার বিষয়টিকে অধিকার হিসেবেই দেখছে। এই ধরনের মনোভাব নারী নির্যাতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্ষণের শিকার নারীরা নিজেদের লুকিয়ে রাখতে চান। নিজেদের অপরাধী ভাবেন।
ফিরদাউস আযিম ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জেন্ডার বিশেষজ্ঞ মাহীন সুলতান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, নারী নির্যাতন বাড়ছে। স্বামী যেমন ভাবেন স্ত্রীকে নির্যাতন করা যায়, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও স্বামীর নির্যাতনকে স্বাভাবিক বিষয় হিসেবেই মেনে নেন। এ ধরনের মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং আচরণ পাল্টানোর জন্য নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে।
বাংলাদেশ লিগ্যাল অ্যাইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক পরিচালক সারা হোসেন বলেন, বিভিন্ন দেশেই ধর্ষণের শিকার নারীকে আদালতে প্রশ্ন করার সময় তাঁর চরিত্র নিয়ে যাতে কোনো প্রশ্ন করা না হয়, তা নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশে এ ধরনের প্রশ্নের চল এখনো আছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার খান আহমেদ মুর্শিদ, শিক্ষক সায়রা রহমান খান, ইজমাত নাশরা খান প্রমুখ উপস্থিত ছিলেন।