নারী নির্যাতন বন্ধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন
জাতীয় সংসদের বিশেষ অধিকার-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি বলেছেন, সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন না করে নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু আইন ও নীতি করলে তা কোনো কাজেই আসবে না।
আজ মঙ্গলবার ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগ, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা এ কথা বলেন। প্রথম আলো, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় পরিচালিত প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রামের আওতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
ফজিলাতুন নেসা বলেন, বেশির ভাগ মানুষ আইনের ভয়ে চুরি করছেন না, বিষয়টি এমন নয়। চুরি করছেন না নৈতিক মূল্যবোধের কারণে। একইভাবে সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন না করে নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু অনেক আইন ও নীতি করলে তা কোনো কাজেই আসবে না। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর বিধি এখন পর্যন্ত প্রণয়ন হয়নি। আইনটির বিধি যাতে দ্রুত হয়, তা নিয়ে তিনি সংসদে কথা বলবেন বলে জানান।

বিএনডব্লিউএলএর পরিচালক (আইন সহায়তা) তৌহিদা খন্দকার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এবং যৌতুক নিরোধ আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা ও সুপারিশ তুলে ধরেন। প্রটেক্টিং হিউম্যান রাইটস প্রকল্প এলাকায় এই দুটি আইনের আওতায় করা মামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তিনি।
জ্যেষ্ঠ জেলা জজ শামসুন নাহার বেগম, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার (তদন্ত ও প্রশাসন) মুক্তা ধর, বিএনডব্লিউএলএর সভাপতি ফাওজিয়া করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া হায়দার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, আইন ও বিচার বিভাগের উপসচিব উম্মে কুলসুম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক হাসিনা বেগম, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি খলিলুর রহমান সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিশেষ কৌঁসুলি আলী আসগর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আইনসেবা বিভাগের সমন্বয়কারী মোজাহিদুল ইসলাম, বিএনডব্লিউএলএর আইনজীবী মিতালী জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এম আবদুল আলিম গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন।