নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
সমাজের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহমর্মিতা নিয়ে কাজ করলে নারী নির্যাতনের হার কমানো সম্ভব। এ ছাড়া নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচার প্রাপ্তির ক্ষেত্র বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও নারীপক্ষ যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভার প্রধান অতিথি হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, নারী নির্যাতনের ক্ষেত্রে যদি মিথ্যা মামলা হয়, তার পেছনের কারণগুলো বুঝতে হবে। এ ক্ষেত্রে মেয়েটিকে বাধ্য করা হয়। পিতা কিংবা পরিবারের অহংবোধ থেকে এ ধরনের মামলা হয়। এখানেও নারীর স্বাধীনতা থাকছে না। বিষয়গুলো নিয়ে গবেষণা করা যেতে পারে। পুরুষদের উদ্দেশে তিনি বলেন, ‘নারীদের প্রতিপক্ষ ভাববেন না। তাদের পাশের মানুষ ভাবুন। তাদের প্রতিপক্ষ না ভেবে সমকক্ষ করে নিন।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদা বলেন, নারী নির্যাতন আইনে ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু ব্যক্তির শাস্তি হলেও সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। তিনি বলেন, নারী নির্যাতনের অনেক মামলা হয়। দীর্ঘসূত্রতার কারণে সাক্ষীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনা আস্তে আস্তে ভুলে যেতে থাকেন। আবার অনেক সময় বিচারক বদলি হয়ে যান এবং অনেকে প্রশিক্ষণে চলে যান। সব মিলিয়ে মামলাগুলো এক সময় হারিয়ে যায়।
সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ আইনের অপব্যবহার করে অনেক মিথ্যা মামলা করা হচ্ছে। এতে যাঁরা প্রকৃত ভুক্তভোগী, তাঁদের বিচার পেতে দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে। সে কারণে আইনজীবী, পুলিশসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়।
প্রবন্ধ উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য হাবিবুন নেছা। তিনি বলেন, নারীর ওপর সহিংসতা ও যৌন নির্যাতন রোধে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি নির্যাতন, বিশেষ করে যৌন নির্যাতনের তদন্ত ও বিচার নিশ্চিত করতে রাষ্ট্র যাতে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়ে সোচ্চার হতে হবে।
আজকের সভায় জানানো হয়, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ ২০১৪ সালে ১ হাজার ৮০৪টি মামলার বিচার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১২৫টি মামলায় সাজা হয়েছে এবং খালাস হয়েছে ১ হাজার ৫৬৯টি। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ চলতি বছরের প্রথম ছয় মাসে ৯০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এই ট্রাইব্যুনালে বিচারাধীন ৩ হাজার ৩১টি মামলা।
সভায় আরও বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহিদুল ইসলাম, সিএমএম আদালতের মহানগর হাকিম মো. ফরিদ আলম, জেলা লিগ্যাল এইড অফিসার মুজাহিদুর রহমান প্রমুখ।