নারী নির্যাতন বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতি প্রজ্বালন, শপথবাক্য পাঠ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আলোচনায় বক্তারা বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানান। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল: ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: সাড়ে ১০টা থেকে ১২টা ১ মিনিট পর্যন্ত বরিশাল সরকারি মহিলা কলেজ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আঁধার ভাঙার শপথের আয়োজন করে বরিশাল পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। সকাল নয়টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় শোভাযাত্রা। পরে বরিশাল মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া ব্রজমোহন কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি, বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, আভাসসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা গতকাল সকাল ১০টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। পৌর কাউন্সিলর সুলতান আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। মেয়র বলেন, ‘পৌর এলাকার নারীদের সেবার মান বাড়াতে পৌর ভবনে শিগগিরই একটি নারী কর্নার চালু করা হবে; যেখান থেকে নারীরা প্রয়োজনীয় সব সেবা পাবেন।’ এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর ভবন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।মাদারীপুর: জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন, ব্র্যাক, সমতা নারী উন্নয়ন প্রচেষ্টা, জেলা আইনজীবী সমিতি, আমরাই পারি নারী নির্যাতন প্রতিরোধ জোটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমিঞ্চলিত আয়োজনে দিবসটি পালিত হয়েছে। সকাল নয়টায় মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সাতক্ষীরা: ‘নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, নির্যাতন, পণ্য ও যৌন বস্তুতে পরিণতকরণ, পাচার, অ্যাসিড নিক্ষেপ, মজুরিবৈষম্যসহ নানা কারণে নারীর উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।’ গতকাল সকাল ১০টায় সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কের পৌর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এসব কথা বলেন। সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।