নারী নির্যাতন বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতি প্রজ্বালন, শপথবাক্য পাঠ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আলোচনায় বক্তারা বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানান। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল: ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আরিফ। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জাহানারা বেগম, পারিবারিক নির্যাতনবিরোধী জোটের নেত্রী শাহনাজ জাহান, এলআইএফডির কর্মসূচি সমন্বয়ক সাফায়েত উল্যা, এফএইচডিএফের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্র্যাকের ব্যবস্থাপক অরুণ কুমার দাস।মিরসরাই: উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং উন্নয়ন সংস্থা অপকা, ব্লাস্টের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মোর্শেদা শিল্পীর সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান ও সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর। খাগড়াছড়ি: দিবসটি উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। নারীনেত্রী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ মিজানুর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচালক সুসময় চাকমা, প্রেসক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী, নিগার সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক তৃষ্ণা চাকমা, সাবেক অধিনায়ক অংহলা মারমা, সফল মা হিসেবে দীঘিনালার শিক্ষিকা নিয়তি চাকমা, একুশে টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমাকে সম্মাননা দেওয়া হয়।