মোমবাতি প্রজ্বালন, শপথবাক্য পাঠ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আলোচনায় বক্তারা বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানান। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল: ‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সাড়ে ১০টায় সিলেট অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক। জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট লেডিস ক্লাবের সভাপতি আরফিনা বিলাল।টাঙ্গাইল: সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে সেখান থেকে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভাসানী হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুর: সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ: সকালে সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহরে আরেকটি শোভাযাত্রা করে বাংলাদেশ মহিলা পরিষদ। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।