নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
নারীর প্রতি সহিংসতা বন্ধে কোটি মানুষকে জাগ্রত করার প্রচারের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। সর্বস্তরের মানুষ ‘নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না’ এবং ‘আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি’ স্লোগান লেখা বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে সড়কে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করে। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর) বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক বিশ্বব্যাপী একটি প্রতিশ্রুতির প্রতি বাংলাদেশ গত বছর সংহতি জানায়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: নগরের অশ্বিনীকুমার হলের সামনে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নীরবতা ভেঙে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়। উন্নয়ন সংগঠক রহিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন মানবাধিকার জোট বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।ঝিনাইদহ: শহরের পোস্ট অফিস মোড়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ব্র্যাক, এইড, শোভা, উই, পদ্মাসহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে বিভিন্ন সংগঠনের কর্মীরা বক্তব্য দেন। এ সময় জানানো হয়, ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশে এক লাখ ৮৪ হাজার ৪২২ জন নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। নড়াইল: নারী নির্যাতন প্রতিরোধ জোট গতকাল দুপুরে প্রেসক্লাবের সামনে ৩০ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে প্রথম আলো নড়াইল বন্ধুসভা, নড়াইল নারী ফুটবল দলের খেলোয়াড়, রোভা ফাউন্ডেশন, বাঁচতে শেখার পাঁচটি ইউনিয়নের তৃণমূল নারী সংগঠনের সদস্য, নাগরিক কমিটি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিরা এতে অংশ নেন। অভয়নগর (যশোর): ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি স্থানে গতকাল কয়েক শ নারী আলাদাভাবে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। ব্র্যাকের কর্মসূচি সহকারী শিরিনা বেগম বলেন, দুপুরে ২৪টি পল্লিসমাজের নারীরা উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ৩০ মিনিটব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।কুড়িগ্রাম: বেলা ১১টার দিকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ উদ্যাপন কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। পরে এক সমাবেশে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক শামীমা আখতার। বক্তব্য দেন রওশনারা চৌধুরী, মানিক চৌধুরী, চাষী নুরন্নবী সরকার, লাইলী বেগম, ফরিদা ইয়াসমীন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টার মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, প্রথম আলো বন্ধুসভার সদস্য ও সমাজের নানা স্তরের মানুষ অংশ নেন। উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় এক কিলোমিটারব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতনবিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন। বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির রাজশাহী বিভাগীয় সভাপতি জাহিদুল ইসলাম। পরে নারী নির্যাতনবিরোধী গণনাটক পরিবেশন করে উপজেলা ভূমিহীন সাংস্কৃতিক সংগঠন। লালপুর (নাটোর): উপজেলার সালামপুর বাজারে স্থানীয় ভূমিহীন সমিতি ও নিজেরা করির উদ্যোগে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন মনিরা খাতুন, আলমগীর হোসেন, কহিনুর বেগম প্রমুখ। পঞ্চগড়: পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে মানববন্ধন হয়েছে। বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজল রেখা, আরডিআরএস বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজা, বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ প্রধান, অধিকারের পঞ্চগড় সমন্বয়কারী সফিকুল আলম প্রমুখ। ব্র্যাকও একই ধরনের কর্মসূচি পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়: পুরাতন ফোকলোর চত্বরে দুপুরে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন, শিক্ষক জালাল উদ্দিন, রবিউল করিম, ফোকলোর বিভাগের মোবাররা সিদ্দিকা প্রমুখ।জামালপুর: শহরের দয়াময়ী মোড়ে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক, উন্নয়ন সংঘ, তরঙ্গ মহিলাকল্যাণ সংস্থা, দুর্বার নেটওয়ার্ক, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও জাতীয় মহিলা সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। বক্তব্য দেন লাইলী বেগম, শামীম আরা, রাশিদা ফারুকী প্রমুখ।চাঁদপুর: দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের তরপুচণ্ডী এলাকায় মানববন্ধন করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠন পল্লীসমাজ। এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক জিল্লুর রহমান, মাঠ পরিদর্শক আবুল কালাম, পল্লীসমাজের সভাপতি জোসনা বেগম প্রমুখ।তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলায় ব্র্যাকের পল্লীসমাজ মানববন্ধনের আয়োজন করে। তাড়াইলের ব্র্যাক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া উপজেলার ২৭টি পল্লীসমাজ সংগঠনের নারীরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন।কমলগঞ্জ (মৌলভীবাজার): উপজেলার মুন্সীবাজার ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বেলা ১১টার দিকে মিরতিংগা চা-বাগানে মানববন্ধন হয়েছে। ব্র্যাক পরিচালিত ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকেরা ওই কর্মসূচিতে অংশ নেন। এ সময় ‘নারীর প্রতি অপমান আর না’, ‘ঘরের কোণে বসে থাকা আর না’, ‘নারীর প্রতি বৈষম্য আর না’সহ বিভিন্ন স্ল্লোগানের পোস্টার নারীরা বহন করেন। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক রণজিত সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ প্রমুখ।হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ ব্র্যাক কার্যালয় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩২টি ওয়ার্ডে মানববন্ধন করেছে। বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত এই মানববন্ধন চলে। মানববন্ধনে ‘নীরবতা আর না’, ‘আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা অংশ নেন। এই কর্মসূচি পালন করতে সহায়তা করেন ব্র্যাকের কর্মী শাহিন সুলতানা ও জিল্লুর রহমান।দাউদকান্দি (কুমিল্লা): উপজেলায় ব্র্যাকের পল্লীসমাজ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা ব্র্যাক কার্যালয়ের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক বহ্নি বিশ্বাস বলেন, দাউদকান্দিতে ২৪টি পল্লীসমাজ এই মানবন্ধনে অংশ নিয়েছে।দেবীদ্বার (কুমিল্লা): দুপুরে ভূমিহীন নারী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন করে। এ সময় বক্তারা নারী নির্যাতনের নানা দিক তুলে ধরে এর প্রতিকারে এগিয়ে আসার আহ্বান জানান।নান্দাইল (ময়মনসিংহ): বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল পৌর শহরের ব্র্যাক কার্যালয়ের সামনে সংস্থাটির পল্লীসমাজ, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবিকারা এই মানববন্ধনে অংশ নেন। এ ছাড়া উপজেলার ২৫টি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত লোকজন নারী নির্যাতনবিরোধী বিভিন্ন লেখাসংবলিত ব্যানার বহন করেন।চট্টগ্রাম: নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর)’ বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক বিশ্বব্যাপী একটি প্রতিশ্রুতির প্রতি সংহতি জানিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচিতে নারী ও মেয়েশিশুর প্রতি নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। নারীর প্রতি সহিংসতাবিরোধী আন্দোলন ভি-ডে ১৫ বছর পূর্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিসি হিল প্রাঙ্গণে সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠন ঘাসফুল এক মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেয় প্ল্যান বাংলাদেশ, নেস্ট কনসোর্টিয়াম, ব্র্যাক, ইলমা, কোডেক, আইডিএফ, বিবিএফ, চট্টগ্রাম নারী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ওয়াচ, উত্স, নোঙর, ওডেব, র্যাড, জেলা শিশু একাডেমীসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। মানববন্ধনের আগে সমাবেশে বক্তারা সর্বক্ষেত্রে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি মানবাধিকার সংগঠন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।