পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। নির্যাতনের শিকার অনেক নারীর অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের ধরছে না।
ওসিসির এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ১০৪ জন নারী, মানসিক আঘাত পেয়েছেন তিনজন, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন তিনজন, যৌন হয়রানির শিকার হয়েছেন চারজন নারী ও এক শিশু। নির্যাতনের শিকার আরও ১৫ জন এখান থেকে সেবা নিয়েছেন। এর মধ্যে গত বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নির্যাতনের শিকার নারীর সংখ্যা ছিল ৬৩ জন।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত নারীর সংখ্যা ৯৭ জন, মানসিক আঘাত পেয়েছেন সাতজন, অপহরণ করা হয়েছে একজনকে এবং যৌন হয়রানির শিকার হয়েছেন দুজন। মারধর বা নির্যাতনের ঘটনার কোনোটি যৌতুক, কোনোটি জমিজমাসংক্রান্ত বিরোধ, কোনোটি ধর্ষণ, আবার কোনোটি স্বামীর দ্বিতীয় বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে।
২০১২ সালের ১৮ ডিসেম্বর কলাপাড়ায় ওসিসি চালু হওয়ার পর ওই মাসে নির্যাতনের শিকার সাতজন নারীকে আইনগত সহায়তাসহ সেবা দেওয়া হয়েছে। ২০১৩ সালে ওসিসি থেকে সেবা নিয়েছেন ১২২ জন ও ২০১৪ সালে ১৩০ জন।
এদিকে নারী নির্যাতনের ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের ধরছে না বলে অভিযোগ করেছেন অনেকে। স্থানীয়ভাবে নারী নির্যাতনের কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নে পাঁচজন ব্যক্তি এক নারীর (৩৫) ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে তাঁরা ঘরের মালামাল তছনছ করেন ও ওই নারীকে মারধর করে চলে যান।
ওই নারী অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত আব্বাস মৃধা, জহিরুল ইসলাম, সোবাহান হাওলাদারসহ পাঁচজনের নামে তিনি মামলা করেন। অথচ আজ পর্যন্ত পুলিশ একজন আসামিকেও ধরতে পারেনি।
টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের এক ভুক্তভোগী বলেন, যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করেন। এ ঘটনায় তাঁর বাবা থানায় মামলা করেন। এরপর থেকে আসামিরা তাঁদের ভয় দেখাচ্ছেন।
ওসিসির কর্মসূচি কর্মকর্তা আবদুল হাই সিদ্দিক বলেন, নির্যাতনের শিকার অনেক নারী প্রভাবশালী ব্যক্তিদের কারণে থানায় মামলা করার সাহস পান না। তা ছাড়া মামলা হলেও পুলিশ প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে অপরাধীকে ধরে না।
নারী অধিকার আন্দোলনের স্থানীয় সংগঠক মনোয়ারা বেগম বলেন, অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করানো গেলে ধীরে ধীরে নারী নির্যাতন কমে যেত।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, পুলিশ আসামি ধরে না বা পুলিশের অবহেলার কারণে মামলা ক্ষতিগ্রস্ত হয়—এমন অভিযোগ ঠিক নয়। এজাহারভুক্ত আসামিদের দ্রুত ধরা হবে। তবে আদালতে কোনো মামলা হলে অথবা ওসিসির মাধ্যমে কোনো মামলা পাঠানো হলে তার সত্যতা যাচাই করে পদক্ষেপ নেওয়া হয়। তবে প্রভাবশালী ব্যক্তিদের কারণে এসব মামলা ক্ষতিগ্রস্ত হয় বলে স্বীকার করেন তিনি।
ওসিসি সূত্র জানায়, এই পরিসংখ্যানের বাইরেও নারী নির্যাতনের অসংখ্য ঘটনা রয়েছে, যার সংখ্যা কম হবে না।
বেসরকারি সংস্থা ব্র্যাক ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) থেকে পাওয়া এক হিসাবে দেখা গেছে, গত চার বছরে নির্যাতনের শিকার নারীর সংখ্যা পাঁচ শতাধিক।