নারীহত্যা, ধর্ষণ, উত্ত্যক্ত করা (ইভ টিজিং), অপহরণ, বিদেশে পাচার ও দেহব্যবসায় বাধ্য করার মতো নির্যাতন ও অনাচারের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে বলে মত প্রকাশ করা হয়েছে এক সেমিনারে। গতকাল বুধবার অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (অ্যাডাব) আয়োজিত এ সেমিনারে বলা হয়, গত বছরের নয় মাসে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চার হাজার ১৮৬টি। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-৩ ও নারীর ক্ষমতায়ন: নারী নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, তাকে খুব ভালো সমাজ বলা যায় না। এ সমাজের পরিবর্তন প্রয়োজন।’ অ্যাডাব সদস্য ‘পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম’ (পিডাব)-এর নির্বাহী পরিচালক কাজী বেবী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এতে তুলে ধরা পরিসংখ্যানে দেখা যায়, ২০১০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৪৫৮ জন নারী ধর্ষণ, ৮২ জন গণধর্ষণ, ৫২ জন ধর্ষণের পর হত্যা, ৩৭৪ জন অপহরণ, ২৪৮ জন বিদেশে পাচার, ৮৮০ জন বিভিন্ন কারণে হত্যা, ৪৩৪ জন উত্ত্যক্ত এবং ২২ জন উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যার শিকার হন।সেমিনারে আরও বক্তব্য দেন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পিডাবের প্রধান স্থপতি সেলিনা আফরোজ, কাজী শাখেরা বানু, সেটেলার ফর পুওরের নির্বাহী পরিচালক আবু রায়হান বুরানী প্রমুখ।