নারী নির্যাতন মামলায় আরাফাত সানির মায়ের জামিন
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নারগিস আক্তার জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাসুদ জামান জামিনের এ আদেশ দেন।
আরাফাত সানির মায়ের আইনজীবী মুরাদুজ্জামান প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তরুণী আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশি মামলা করেন। পরে মোহাম্মদপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। এই মামলায় আজ আরাফাত সানির মা নারগিস আক্তার ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।
১ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তাঁর স্ত্রী বলে দাবি করা এক তরুণী। এর আগে তিনি গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলাটিতে সানি রিমান্ড শেষে এখন কারাগারে। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিষয়ে ওই তরুণীর আইনজীবী কামাল উদ্দিন প্রথম আলোকে জানান, ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই নারীর সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তাঁরা সংসার করেন। কিন্তু ছয় মাস পর আরাফাত সানির মা নারগিস আক্তারের পরামর্শে সানি ওই নারীর কাছে ২০১৫ সালের ১৫ জুলাই ২০ লাখ টাকা দাবি করেন। তখন ওই টাকা না দিলে তাঁকে সংসার করতে দেবেন না বলে হুমকি দেন নারগিস আক্তার।
কামাল উদ্দিন জানান, গত ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানাসংলগ্ন রাস্তায় আরাফাত সানির মা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে এই তরুণীর চুল ধরে মারধর করেন এবং পোশাকের একটি অংশ ছিঁড়ে ফেলেন।