নারী নির্যাতন মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করলে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক মো. রোকনুজ্জামান জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৭ এপ্রিল অধিকতর শুনানির জন্য মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ইপিআই সুপারভাইজার আফরোজা পারভীন একই পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামকে আসামি করে গত বছরের ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় গত বছরের ১২ জুলাই কাজী শরিফুল ইসলাম ওই ইপিআই সুপারভাইজারকে তাঁর কক্ষে একা পেয়ে জাপটে ধরেন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সচিব কিলঘুষি মেরে ইপিআই সুপারভাইজারকে জখম করেন। পরে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
আলোচিত ওই মামলায় কাজী শরিফুল ইসলাম উচ্চ আদালত থেকে ২৫ অক্টোবর চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন। ওই সময় উচ্চ আদালত থেকে তাঁকে চার সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু শরিফুল নিম্ন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) বেলাল হোসেন বলেন, গতকাল সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক অধিকতর শুনানির জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।