
বেশির ভাগ ক্ষেত্রে শুধু সাময়িক আশ্রয়ের ব্যবস্থা। নির্যাতনের শিকার নারী ও শিশুর যাওয়ার জায়গা নেই। তাদের পুনর্বাসনের জন্য সরকারি কার্যক্রম খুবই সীমিত। বেসরকারি উদ্যোগেরও একই হাল।
মানসিক আঘাত সারানোর (কাউন্সেলিং) ব্যবস্থা নেই। নারীরা কিছু পেশাভিত্তিক প্রশিক্ষণ পান। শিশুদের একটু-আধটু লেখাপড়া করানো হয়।
এদের দেখভালের মূল দায়িত্ব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের। আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কিছু আশ্রয়কেন্দ্রে এরা থাকতে পারে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), ঢাকা আহ্ছানিয়া মিশন, অপরাজেয় বাংলাদেশসহ কিছু সংস্থার আশ্রয়কেন্দ্র ও পুনর্বাসন কার্যক্রম আছে।
তবে কার্যক্রমগুলোর কর্তাব্যক্তিরাই বলছেন, এভাবে পুরোপুরি পুনর্বাসন হয় না। আর ব্যবস্থাগুলো খুবই অপ্রতুল।
১৭ বছরে ৭২২
নারী নির্যাতন প্রতিরোধের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ নামে পরিচিত একটি কর্মসূচি আছে। এর আওতায় সারা দেশে নয়টি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) আছে। এগুলোতে নির্যাতনের শিকার নারীরা চিকিৎসাসেবা, পরামর্শসেবা, পুলিশি ও আইনি সহায়তা এবং ফরেনসিক পরীক্ষার সুযোগ পান। সাময়িক আশ্রয় জোটে।
ওসিসিসহ মন্ত্রণালয়ের কর্মসূচিটির ১৪ ধরনের কার্যক্রম আছে। মাত্র একটি পুনর্বাসনের। গত নভেম্বর পর্যন্ত প্রায় ১৭ বছরে সাকল্যে ৭২২ জন নারী ও শিশু ‘পুনর্বাসন’ পেয়েছে। পুনর্বাসন বলতে মূলত সেলাই মেশিন দেওয়া। আর আছে ব্যবসা, পড়াশোনা বা গরু-মুরগি পালনে সহায়তা। কয়েকজন রূপচর্চা আর কম্পিউটারের কাজ শিখেছেন।
ওসিসি থেকে যাঁরা বাড়ি ফিরে যান, তাঁদের বছরে অন্তত তিনটি সভায় ডেকে চাহিদামতো পুনর্বাসন জোগানোর কথা। গত সেপ্টেম্বরে ওসিসিগুলোর সভায় এসেছিলেন ১০৭ জন। মাত্র একজন সেলাই মেশিন পেয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ছয়টি নিরাপদ আবাসন কেন্দ্র চালায়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধিদপ্তরও গাজীপুরে একটি নিরাপদ আবাসন কেন্দ্র চালায়। এগুলোতে ভুক্তভোগীদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
মহিলা অধিদপ্তরের ৫০ শয্যার আশ্রয়কেন্দ্র আছে ছয়টি। একজন নারীর সঙ্গে তাঁর ১২ বছরের কম বয়সী দুই সন্তান থাকতে পারে। স্বল্পমেয়াদি আশ্রয়ে শুয়ে-বসে দিন পার করতে হয়।
মাল্টিসেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেছেন, শিশুদের কোনো কাজে দেওয়া যায় না। প্রাপ্তবয়স্ক নারীদের তেমন কোনো দক্ষতা থাকে না। সেলাই মেশিন দিলে তাঁরা হয়তো বিক্রি করে দেন। ব্যবসার জন্য দেওয়া আট-দশ হাজার টাকা অন্য কাজে খরচ করে ফেলেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে এঁদের যুক্ত করা যেত, কিন্তু সেখানে সুবিধাভোগীদের তালিকা করে ইউনিয়ন পরিষদ।
পরামর্শসেবা নেই
সরকারি কেন্দ্রগুলোয় কোনো কাউন্সেলর নেই। কর্মকর্তা-কর্মীরাই ভুক্তভোগীদের মানসিক পীড়া সামলানোর পরামর্শ দেন। তাঁরা বলছেন, এটাকে কোনোভাবেই পরামর্শসেবা (কাউন্সেলিং) বলা যাবে না।
আবুল হোসেন বলেন, এই নারী ও শিশুরা গভীর পীড়ার (ট্রমা) মধ্যে থাকে। তাদের যথাযথ পরামর্শসেবা দরকার। প্রশিক্ষিত লোক নিয়োগের জন্য কাউন্সেলরের পদ দরকার।
বেসরকারি উদ্যোগ
মহিলা পরিষদের ২৫ শয্যার রোকেয়া সদন চালু হয়েছিল ১৯৮৫ সালে। নির্যাতনের শিকার নারী ও শিশুরা সেখানে তিন থেকে পাঁচ বছর থাকতে পারে। অনেকেই বহু বছর থাকছেন। কয়েকজন নার্সিং ও ডাক্তারি পড়ছেন। অন্যদের কিছু কাজ শেখানো হচ্ছে।
সংগঠনটির সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘শুধু সেলাই মেশিন বা সাময়িক আশ্রয় দিয়ে কাউকে পুনর্বাসিত করা যায় না। পুনর্বাসন মানে হলো তাঁকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা।’
তিনি বলছেন, বাজেটে পুনর্বাসন কার্যক্রমের জন্য বরাদ্দ দরকার। সরকারি-বেসরকারি কাজের মধ্যে সমন্বয় চাই।
বিএনডব্লিউএলএ প্রথম আশ্রয়কেন্দ্র খুলেছিল ১৯৯৪ সালে। এখন গাজীপুরে ১৩০, যশোরে ৩০ এবং কক্সবাজারে ২০ শয্যার তিনটি আশ্রয়কেন্দ্র চলছে। থাকার মেয়াদ ছয় মাস, তবে অনেককে তার বেশি সময় রাখতে হয়।
ভুক্তভোগীদের রূপচর্চা বা পোশাকশিল্পের কাজ শিখিয়ে চাকরি জুটিয়ে দেওয়া হয়। শিশুদের আইনি অভিভাবক খুঁজে দেওয়া হয়।
নাজমা সুলতানা দীর্ঘদিন এই আশ্রয়কেন্দ্রগুলোর দায়িত্বে ছিলেন। তিনি বলছেন, নিয়মিত খোঁজখবর রাখতে হয়। কেউ পরিবারে ফিরে গেলে পরিবারকেও সহায়তা দিতে হয়। নয়তো পুনর্বাসন টেকে না।
দশম শ্রেণিতে পড়ার সময় ধর্ষণের শিকার হয়ে সরকারি পুনর্বাসন পেয়েছিলেন এক নারী। তিনি এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে পড়ছিলেন। তাঁর একটি সন্তানও হয়েছিল।
তারপর মেয়েটির ধর্ষণকারীর সাজা হয়। তিনি সরকারি আশ্রয় হারান।
ওসিসি তাঁকে সন্তানসহ বাবার পরিবারে ফিরে যেতে সাহায্য করে। কিন্তু সমাজের মানুষ নানা কথা বলছে। পরিবারও দরিদ্র।
মেয়েটির একটা কাজ খুব দরকার। প্রথম আলোকে তিনি বলেন, ‘কর্মসংস্থান না হলে কি বলা যাবে যে আমি পুনর্বাসিত হয়েছি?’