নারী নির্যাতন মামলায় ব্যান্ডশিল্পী গ্রেপ্তার
জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের গায়ক (ভোকালিস্ট) মিজান রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা স্ত্রীর মামলায় গতকাল সোমবার রাজধানীর উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, গত রোববার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মিজানের বিরুদ্ধে মামলাটি করেন স্ত্রী রেহানা সুলতানা। গতকাল বেলা দুইটার দিকে উত্তরার এক বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মিজানকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হবে।
পুলিশ জানায়, রেহানা এজাহারে উল্লেখ করেন, দেড় বছর আগে মিজানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চট্টগ্রামের ও আর নিজাম রোডের এক বাসায় থাকা শুরু করেন। তাঁদের সঙ্গে তাঁর (রেহানার) আগের ঘরের দুই সন্তান থাকত। বিয়ের কিছুদিন পর মিজান নেশাগ্রস্ত হয়ে পড়েন। বাসার ফিরতেন গভীর রাতে। একপর্যায়ে যৌতুক দাবি করেন। এজাহারে রেহানা দাবি করেন, মিজানকে তিনি যৌতুক বাবদ পাঁচ লাখ ৫০ হাজার টাকা দেন। কিন্তু শারীরিক নির্যাতন থামেনি।
রেহানা এজাহারে উল্লেখ করেন, মিজান আগেও একটি বিয়ে করেছিলেন। কিন্তু তাঁকে বিয়ের সময় সে তথ্য গোপন করেন। মিজানের মা হালিমা খাতুন গতকাল বলেন, ‘মিজান দুটি বিয়ে করেছে সত্য, তবে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না।’