গত বছর নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি পাওয়া গেছে যশোরে। সবচেয়ে কম পাওয়া গেছে মাদারীপুরে। এর মধ্যে যেসব এলাকায় সচেতনতামূলক সরকারি ও বেসরকারি কার্যক্রম বেশি, সেসব এলাকায় নির্যাতনের সংখ্যা বেশি।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির তথ্যভান্ডার থেকে সারা দেশের নারী নির্যাতনের তুলনামূলক এই চিত্র পাওয়া গেছে।
দেশের ৫৫টি জেলার ১২ হাজারের অধিক কমিউনিটিভিত্তিক নারী সংগঠন ‘পল্লি সমাজ’ এবং ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত বছর নারী ও মেয়েশিশু নির্যাতনের এই ডেটাবেইস বা তথ্যভান্ডার তৈরি করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।
তথ্যভান্ডার অনুযায়ী, গত বছর দেশের ৫৫টি জেলায় ৭ হাজার ৪৮৯টি নারী নির্যাতনের ঘটনা পাওয়া গেছে। এর মধ্যে যশোরে ৩৫১টি ঘটনা পাওয়া গেছে। এরপরই রয়েছে সাতক্ষীরা (২৮৮), নরসিংদী (২৮০), পটুয়াখালী (২৫২), ময়মনসিংহ (২৪৮), ফেনী (২২০) ও রংপুরের (২১৯) অবস্থান। সবচেয়ে কম ঘটনা মাদারীপুরে (৩৪)। নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ২০ শতাংশ হচ্ছে মেয়েশিশু।
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, যেসব জেলায় ব্র্যাক, সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন দাতা সংস্থার যৌথ কার্যক্রম চলমান, সেসব জেলায় বেশি ঘটনা পাওয়া গেছে। নির্যাতনের শিকার ২১ শতাংশ নিজে নির্যাতনের তথ্য জানিয়েছেন। নির্যাতনের ঘটনা গোপন রাখার প্রবণতা এখনো বেশি।
বিভিন্ন জেলায় ব্র্যাকের কর্মসূচির জেলা ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারীরিক নির্যাতনের ঘটনা বেশি, যা মূলত যৌতুক নেওয়াকে কেন্দ্র করে ঘটেছে। আর মেয়েশিশুরা ধর্ষণের শিকার বেশি হয়েছে। তথ্যভান্ডারে স্থান পাওয়া গত বছরের ঘটনাগুলোর মধ্যে ৮২ শতাংশই ঘটেছে পারিবারিক পরিসরে। আর ৫৮ দশমিক ৭৯ শতাংশ নির্যাতনের ঘটনা ঘটিয়েছে পরিবারের সদস্যরা। মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের ঘটনা এই হিসাবে আনা হয়নি।
যশোরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জ্যেষ্ঠ জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবীর মণ্ডল টেলিফোনে প্রথম আলোকে বলেন, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১১৮টি নির্যাতনের ঘটনা পাওয়া গেছে। ওয়ার্ডভিত্তিক পল্লি সমাজ, বিভিন্ন এনজিও, থানা, হাসপাতাল, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম থেকে তাঁরা এসব তথ্য পান। সব তথ্য যাচাই-বাছাই করে তথ্যভান্ডারে দেওয়া হয়।
হুমায়ুন কবীর মণ্ডল বলেন, তথ্য কম নথিভুক্ত হওয়া মানেই নির্যাতনের সংখ্যা কম, তা বলার উপায় নেই। একসময় নির্যাতনের ঘটনা কম নথিভুক্ত হতো। সচেতনতা কর্মসূচি জোরদার হওয়ার পর নির্যাতনের তথ্য পাওয়ার সংখ্যা বেড়েছে।
এই তথ্যভান্ডারে সবচেয়ে কম তথ্য নথিভুক্ত হওয়া জেলা মাদারীপুরের ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরেই জেলায় নির্যাতনের ঘটনা কম নথিভুক্ত হচ্ছে। চর দখল, জমিজমাসংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্বের ঘটনা বেশি ঘটে এবং এসব ঘটনায় নারী ও শিশুদের সম্পৃক্ত করা হয়। এ ছাড়া পদ্মাপারের বিভিন্ন এলাকায় যাওয়া কঠিন হয়ে যায়। ফলে অনেক তথ্য জানা যায় না।
বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালীতে বহুবিবাহসংক্রান্ত বিরোধের জেরে শারীরিক নির্যাতনের ঘটনা বেশি ঘটে। আবার নরসিংদীতে নারীরা কারখানায় বেশি কাজ করেন। তাঁদের অনেকের মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। সাতক্ষীরায় শারীরিক নির্যাতন ও কিশোরীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেশি। প্রযুক্তির অপব্যবহারের কারণেও আত্মহত্যার ঘটনা বেশি ঘটে বলে জানালেন ব্র্যাকের কর্মসূচির জেলা ব্যবস্থাপক পলাশ হালদার।
তথ্যভান্ডার অনুযায়ী, নির্যাতনের শিকার নারীদের মধ্যে ৭৩ শতাংশ গৃহিণী। ২০ শতাংশ শিক্ষার্থী এবং ২ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী ও অর্থনৈতিক কাজে সঙ্গে যুক্ত। বিবাহিত ও দরিদ্র নারীরাই বেশি নির্যাতনের শিকার হন। মেয়েশিশুদের মধ্যে ১২-১৭ বছর বয়সীরা (৬০ দশমিক ৬৩ শতাংশ) সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশুর সংখ্যা ২ দশমিক ৫ গুণ বেশি ছিল।
নির্যাতনের শিকার হওয়া নারী-শিশুদের মধ্যে মাত্র ২৬ শতাংশ আইনের আশ্রয় নেন। গত বছর আইনের আশ্রয় নেওয়ার ঘটনার দুই-তৃতীয়াংশ আসামিই প্রকাশ্যে চলাচল করেন। মাত্র ১১ শতাংশ জেলহাজতে ছিলেন।
নেই জাতীয় তথ্যভান্ডার
দেশে নারী ও শিশু নির্যাতন নিয়ে সরকারের জাতীয় কোনো তথ্যভান্ডার নেই। মামলা হলে তা পুলিশের নথিতে যোগ হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জাতিসংঘের সিডও (নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ) কমিটি গত বছর বাংলাদেশ সরকারের অষ্টম প্রতিবেদন পর্যালোচনা শেষে যে সমাপনী মন্তব্য ও করণীয় নির্ধারণ করেছে, সেখানে এ ধরনের তথ্যভান্ডার না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি একটি তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনডিপি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে তথ্যভান্ডার তৈরিসংক্রান্ত সাতটি জেলায় একটি পাইলট কর্মসূচি গত বছর শেষ হয়েছে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রধান ফারহানা হাফিজ প্রথম আলোকে বলেন, তথ্যভান্ডার না থাকলে নির্যাতনের প্রবণতা, কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা বোঝা যায় না। আর তথ্যভান্ডারের তথ্যের ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মকৌশল হাতে নেওয়া সম্ভব হয়।